ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশচাপা, স্বামীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে ফজলুল হক (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফজলুলের স্ত্রী বিলকিস বেগম আজ শুক্রবার বিকেলে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাজাহান আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আব্বাস আলী আজ শুক্রবার সকালে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নিহত ফজলুলের স্ত্রী বিলকিস বেগম ও আবু সাঈদ নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।
ওসি মামলার এজাহারের বরাত দিয়ে জানান, আবু সাঈদকে এজাহারে বিলকিসের প্রেমিক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার পর পুলিশ ওই দুজনকে আজ দুপুরে গ্রেপ্তার করেছে। ফজলুল হক নয় বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। এ সময় তাঁর স্ত্রী বিলকিস স্থানীয় পল্লি চিকিৎসক আবু সাঈদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি ফজলুল দেশে ফিরলে তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে ঝগড়া হয়। এরপর গতকাল রাতে আবু সাঈদের সহায়তায় স্বামীকে দুধের সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে দেন বিলকিস। এতে তিনি অচেতন হয়ে পড়লে গভীর রাতে মুখে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়।
ওসি জানান, ফজলুলের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিলকিস ও আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল হক ও বিলকিস দম্পতির দুই সন্তান রয়েছে।