নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন স্বপ্না খাতুন (৩০) নামের এক গৃহবধূ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী আসাদ হোসেন (৩৫) ও শাশুড়ি মধুমালাকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূ স্বপ্নার অভিযোগ, তাঁর শাশুড়ির পরামর্শে স্বামী আসাদ তাঁর ঘরের বেড়া কেটে অ্যাসিড ছুড়ে মারেন। এতে স্বপ্নার পিঠের অর্ধেক অংশ পুড়ে যায়। কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি কুশনা গ্রামে স্বামীর বাড়িতে আছেন।
স্বপ্না খাতুনের ভাই ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদাহ গ্রামের বিল্লাল হোসেন বলেন, তাঁর বোনের এর আগে একবার বিয়ে হয়। সেই ঘরে আট বছরের একটি ছেলে আছে। এ অবস্থায় আগের স্বামীর সংসার ছেড়ে ছেলেকে নিয়ে তিনি ঝিনাইদহ শহরে বসবাস করছিলেন। সেখানে কোটচাঁদপুরের কুশনা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আসাদের সঙ্গে পরিচয় হয় তাঁর। আসাদ সে সময় জানিয়েছিলেন, তাঁর আগের স্ত্রী তাঁকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছেন। তিনি স্বপ্নাকে বিয়ের প্রস্তাব দেন। স্বপ্না প্রস্তাবে রাজি হলে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। এরপর থেকে স্বপ্না কুশনায় সংসার করছিলেন।
অ্যাসিডদগ্ধ স্বপ্না অভিযোগ করেন, তাঁর স্বামী আসাদ প্রথম স্ত্রী বিউটি খাতুনকে নিয়ে ঢাকায় থাকেন। ঘটনার রাতে বাড়ি ফেরেন। এটা স্বপ্না জানতেন না। তাঁর শাশুড়ি মধুমালার পরামর্শে রাত সাড়ে ১২টার দিকে ঘরের চাটাইয়ের বেড়া কেটে আসাদ অ্যাসিড ছুড়ে মারেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারুক হোসেন বলেন, স্বপ্নাকে হাসপাতালে আনা হলে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর পিঠের অংশ অ্যাসিডে ঝলসে গেছে। তবে রোগী আশঙ্কামুক্ত হওয়ায় শুক্রবার (গতকাল) ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রোগী বৃহস্পতিবারই চলে যান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনার পরদিন বৃহস্পতিবার রাতে স্বপ্নার স্বামী আসাদ ও শাশুড়ি মধুমালাকে আটক করে পুলিশ। পরে গতকাল ওই দুজনকে আসামি করে স্বপ্না মামলা করলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।