বেড়াতে গিয়ে আটক, দিন কাটছে কারাগারে
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকায় আসা সুমন দাস প্রায় আড়াই মাস ধরে বন্দী ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় তিনি যাঁর মেসে উঠেছিলেন, সেই রিপন মণ্ডলও তাঁর সঙ্গে কারাগারে। রিপন কবি নজরুল কলেজে সম্মান প্রথম বর্ষের ছাত্র।
গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন ও রিপন। পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে চকবাজার থানার পুলিশ ওই মামলা করে। পুলিশের দাবি, ওই দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
পারিবারিক ও আইনজীবী সূত্র জানায়, সুমন বরিশালের বানারীপাড়ার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের হরেন্দ্র নাথ দাসের ছেলে। রিপন একই জেলার উজিরপুরের হারতা গ্রামের নিরঞ্জন মণ্ডলের ছেলে। হরেন্দ্র ও নিরঞ্জন দরিদ্র কৃষক। সুমন ও রিপনের খবর পেয়ে তাঁদের মা-বাবা ঢাকায় এসেছিলেন। জামিনের চেষ্টা করেছেন। ৫ মার্চ তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।
পারিবারিক ও আইনজীবী সূত্র আরও জানায়, সুমন ২০১৪ সালে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। ২৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা দিতে ২১ ডিসেম্বর ঢাকায় এসে ওঠেন দক্ষিণ কেরানীগঞ্জে রিপনের মেসে। ২৪ ডিসেম্বর সুমন ও রিপন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হন। সেদিন বকশীবাজার এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। সে সময় ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বী ছাত্রাবাসের সামনে থেকে সুমন, রিপনসহ কয়েকজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় মামলা করে পুলিশ। মামলায় ওই দুজনসহ পাঁচজনকে এজাহারভুক্ত ও কয়েকজনকে সন্দিগ্ধ আসামি করা হয়।
এজাহারে বলা হয়, উচ্ছৃঙ্খল জনতা ও আসামিরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালানোর সময় তাঁদের দুজনকে আটক করা হয়। জানা গেছে, ওই মামলায় সন্দিগ্ধ কয়েকজন আসামি জামিন পেয়েছেন।
সুমন ও রিপনের আইনজীবী হীরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঘটনার দিন সুমন ও রিপন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের সামনের রাস্তা থেকে তাঁদের আটক করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে হরেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, ‘ছেলেটা কারাগারে, কীভাবে কী করি বুঝতে পারতেছি না। অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাই। ঋণ করে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। এখন আমার সব শেষ। ছেলে আমার কোনো রাজনীতি করে না।’
রিপনের বড় ভাই উত্তম মণ্ডল বলেন, তাঁদের বাবাও কৃষিকাজ করে সংসার চালান। তাঁরা আওয়ামী লীগের সমর্থক হলেও পরিবারের কেউ সক্রিয় রাজনীতি করেন না।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক করা হয়। তাঁরা তখন কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে। তাঁদের দুজনের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য কয়েক দিন পরই সংশ্লিষ্ট থানা থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। ওই প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।
তদন্তকারী কর্মকর্তা বলেন, এই দুজনের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, তাঁদের দেওয়া তথ্য সঠিক কি না—এসব খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।