ঘুষ গ্রহণ: দুদক কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে বরখাস্ত করেছে সংস্থাটি। আজ বুধবার কমিশন তাঁকে বরখাস্ত করে বলে সংস্থার প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

বরখাস্ত হওয়া ওই দুদক কর্মীর নাম মো. আবু ইউসুফ শাহ। তিনি সংস্থার ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে সংযুক্ত ছিলেন।

সূত্র জানায়, গাইবান্ধা সিদ্দিকীয়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফের বিরুদ্ধে তৎকালীন গাইবান্ধা জেলা কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। আবু ইউসুফ সে সময় গাইবান্ধায় কর্মরত ছিলেন। অভিযোগটি নিষ্পত্তি করে দেওয়ার বিনিময়ে আবু ইউসুফ শরীফ মো. আবু ইউসুফের কাছে প্রথমে দেড় লাখ টাকা ও পরে টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা দাবি করেন। মোবাইল ফোনের মাধ্যমে ঘুষ দাবির কথোপকথন রেকর্ড করে তাঁর বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তখন তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় মামলা তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় দ্য পাবলিক সার্ভেন্ট অর্ডিন্যান্স, ১৯৮৫ সালের ৫ নম্বর ধারা অনুসারে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ অভিযোগ নিষ্পত্তিতে এত সময় লাগার কারণ প্রসঙ্গে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও হয়েছিল। সে মামলায় তাঁর দুই বছরের সাজা হয়। ঘটনাটি বিচারাধীন থাকায় কমিশনের সিদ্ধান্ত দিতে দেরি হয়েছে।