ঘুষ, চাঁদা ছাড়া হয় না দলিল রেজিস্ট্রি
সাব-রেজিস্ট্রারকে ঘুষ এবং দলিল লেখক সমিতির উন্নয়নের নামে দাবি করা চাঁদা না দিলে দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কোনো দলিল রেজিস্ট্রি হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সাব-রেজিস্ট্রার ঘুষ নেওয়ার অভিযোগটি অস্বীকার করে অন্য অভিযোগগুলো স্বীকার করেছেন।
জমির ক্রেতারা অভিযোগ করেন, যে খারিজপত্র দেখিয়ে জমি রেজিস্ট্রি হচ্ছে, পরে জমি নিজের নামে করতে গিয়ে সেই খারিজপত্রই আর নিচ্ছে না ভূমি কার্যালয়। আর খারিজ না পাওয়ায় জমির মালিকানা যেমন নিশ্চিত হওয়া যাচ্ছে না, তেমনি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে কোনো ধরনের ঋণও পাওয়া যাচ্ছে না।
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস আলী বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণ করতে ২০১১ সালে ১৬ নভেম্বর সেনড়া গ্রামের নছির উদ্দিনের কাছ থেকে সেনড়া মৌজায় ৫০ শতক জমি কেনা হয়। ওই দিনই ফুলবাড়ী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমিটি রেজিস্ট্রি করা হয়। জমিটি কিনতে সরকারি তহবিল থেকে ব্যয় হয় ১ লাখ ২৫ হাজার টাকা।
ইউনিয়ন পরিষদের সচিব বলেন, গত বৃহস্পতিবার তিনি ওই জমি খারিজের জন্য ফুলবাড়ী উপজেলা ভূমি কার্যালয়ে যান। কিন্তু ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) আমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদের নামে খরিদ করা দলিলটি যাচাই-বাছাই করে বলেন, যে খারিজ নম্বর ব্যবহার করে দলিলটি রেজিস্ট্রি হয়েছে, সেটি জাল। এ কারণে ইউনিয়ন পরিষদের নামে খরিদ করা জমিটি খারিজ করা সম্ভব হয়নি।
জরিপকারী আমিনুল বলেন, ঢও-১/২১৬/২০০১-২০০২ নম্বর খারিজবলে আলাদিপুর ইউনিয়ন পরিষদের নামে দলিলটি রেজিস্ট্রি হয়েছে। বিক্রেতা নছির উদ্দিন এ জমির প্রকৃত মালিক নন। খারিজটির মালিক উপজেলার বেতদীঘি ইউনিয়নের নথন গ্রামের দলিল উদ্দিনের স্ত্রী আছিরন বিবি ও আবদুর রহমানের স্ত্রী হাফিজা বেগম। ওই খারিজে নথন মৌজার ৬৭ ও ৭০ নম্বর দাগে জমিটির অবস্থান।
জরিপকারী আরও বলেন, বেতদীঘি ইউনিয়নের খারিজ জাল করে আলাদিপুর ইউনিয়নের জমি রেজিস্ট্রি হয়েছে। ফলে এই দলিল দিয়ে আলাদিপুর ইউনিয়ন পরিষদের খরিদ করা জমিটি খারিজ হচ্ছে না। তিনি আরও বলেন, ভুয়া খারিজে রেজিস্ট্রি হওয়ায় প্রতিদিনই দলিল খারিজ করতে এসে লোকজনকে ফেরত যেতে হচ্ছে। শুধু ভুয়া খারিজ না, এখানে ভুয়া দলিল, ভুয়া রেকর্ডের পরিমাণ বেড়ে যাওয়ায় ভূমিমালিকানা নিয়ে জটিলতা দিন দিন বাড়ছে।
আলাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনজুরুল আলম বলেন, আলাদিপুর ইউনিয়ন পরিষদের কেনা জমিতে পরিষদের বহুতল ভবন নির্মাণের প্রকল্প আছে। কিন্তু ভুয়া খারিজে জমি রেজিস্ট্রি হওয়ায় দলিলটি খারিজ করা যাচ্ছে না। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ প্রকল্পটি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
অপরদিকে পৌর এলাকার কানাহার খালাশিপাড়া গ্রামের কাজী মোস্তাফিজুর রহমান বলেন, তিনি উপজেলার বারকোনা মৌজার ২০ শতক জমি ৩ লাখ টাকায় কিনেছেন। গত ৩০ সেপ্টেম্বর ফুলবাড়ী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তাঁকে সরকারি স্টাম্প ফি ৩০ হাজার টাকা ছাড়াও অতিরিক্ত ১২ হাজার টাকা দিতে হয়েছে। এর মধ্যে উন্নয়ন ফান্ডের নামে স্থানীয় দলিল লেখক সমিতিকে দিতে হয়েছে ৬ হাজার ৬০০ টাকা। অবশিষ্ট টাকা দিতে হয়েছে সাব-রেজিস্ট্রারকে উৎকোচ হিসেবে।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির সাবেক আহ্বায়ক নজমুল হক এবং সদস্য গোলাম মোস্তফা বলেন, সারা দেশেই সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অধীনে দলিল লেখক সমিতি চাঁদা আদায় করে থাকে। ফুলবাড়ী উপজেলাতেও সেভাবেই টাকা নেওয়া হয়।
সাব-রেজিস্ট্রার শংকর চন্দ্র বর্মণ তাঁর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলিল লেখকেরা চাঁদা নেয় বলে শুনেছি।’ জাল খারিজ দেখিয়ে জমির দলিল সম্পাদনের বিষয়ে তিনি বলেন, জমির খারিজ ঠিক আছে না ভুয়া তা ক্রেতাদেরই যাচাই করে দেখার দায়িত্ব। তা ছাড়া, খারিজ যাচাই করার মতো জনবল তাঁর কার্যালয়ে নেই বলে জানান তিনি।