ঘুষ চাওয়ার অভিযোগে ডিআইএর কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে গতকাল সোমবার সহকারী শিক্ষা পরিদর্শক শফি মাহমুদকে তাৎক্ষণিক বদলি করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) প্রেষণে ছিলেন। এই অধিদপ্তর স্কুল, কলেজ ও মাদ্রাসার আর্থিক নিরীক্ষা ও পরিদর্শন করে থাকে।
সম্প্রতি বগুড়ায় আটটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিরীক্ষা ও পরিদর্শনে গিয়ে শফি মাহমুদ প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এক লাখ টাকা ঘুষ চান বলে অভিযোগ ওঠে। শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের কাছে সেখানকার শিক্ষকদের পক্ষ থেকে বিষয়টি সুনির্দিষ্টভাবে জানানো হয়।
শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, তিনি এমপিও জালিয়াতিসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য গতকাল মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে যান। এ সময় পরিচালক এলিয়াছ হোসেনের কাছে একটি ফোন আসে। ফোনটি করেন বগুড়ার শিবগঞ্জের সাদুরিয়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক। ওই শিক্ষকের ফোনটি পরে তাঁকে দেন পরিচালক। শফি মাহমুদ কীভাবে এবং কত টাকা ঘুষ চেয়েছেন তার বিবরণ দেন ওই শিক্ষক।
মন্ত্রণালয়ের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোল্লা জালাল বলেন, শফি মাহমুদকে তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত হয়েছে।
শফি মাহমুদ বলেন, এই অভিযোগ মিথ্যা। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।