ঘুষ চাওয়ার অভিযোগে ২ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ভিসা সেবা প্রদানকারী একটি ট্রাভেল এজেন্সির তিন কর্মীর কাছ থেকে ৪৫টি পাসপোর্ট আটক করে তিন লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন শেরেবাংলা থানা-পুলিশের কয়েকজন কর্মকর্তা। এই অভিযোগে গতকাল শনিবার রাতে শেরেবাংলা থানার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন এসআই দেবাশীষ মোদক এবং এএসআই শফিউর রহমান।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ঘটনাটি নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাবীব উন নবী আনিসুর রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গুলশানের হোপ হিউম্যান রিসোর্স লিমিটেড নামের একটি ট্রাভেল এজেন্সি পাসপোর্ট ও বিভিন্ন দেশে যেতে ভিসা সেবা দিয়ে থাকে। গত শুক্রবার সন্ধ্যায় ওই ট্রাভেল এজেন্সির তিন কর্মী তৈরি হওয়া ৪৫টি পাসপোর্ট নিয়ে গুলশানে তাঁদের কর্মস্থলে যাচ্ছিলেন। শেরেবাংলা থানার এসআই দেবাশীষ মোদক ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে ওই তিন কর্মীকে ৪৫টি পাসপোর্টসহ আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি জানতে পেরে তেজগাঁও বিভাগের ডিসি ট্রাভেল এজেন্সির ওই তিন কর্মীকে পাসপোর্টসহ ছেড়ে দিতে বলেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস ডিসির কথা শোনেননি। ওসি যাচাইয়ের কথা বলে পাসপোর্টগুলো আটকে রাখতে নির্দেশ দেন এসআইকে। ট্রাভেল এজেন্সির ওই তিন কর্মীর বাড়ি কুড়িগ্রামে।
পুলিশ সূত্র জানায়, শেরেবাংলা থানার এএসআই শফিউর রহমান ছুটিতে তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে অবস্থান করছেন। এসআই দেবাশীষ শফিউরের সঙ্গে যোগাযোগ করে ট্রাভেল এজেন্সির তিন কর্মীর স্বজনদের কাছ থেকে ঘুষ আনতে পাঠান। শফিউর স্বজনদের কাছে গিয়ে বলেন, তিন লাখ টাকা না দিলে তিনজনকে গ্রেপ্তার করা হবে। এ সময় ঘুষের ৭৫ হাজার টাকা অগ্রিম নেন শফিউর। বাকি সোয়া দুই লাখ টাকা আজকের মধ্যে (গতকাল) পরিশোধের জন্য চাপ দেন। এ সময় ট্রাভেল এজেন্সির তিন কর্মীর স্বজনেরা টাকা দিতে রাজি হন। এরপর মধ্যরাতে তিনজনকে ছেড়ে দিলেও তাঁদের পাসপোর্টগুলো আটকে রাখা হয়। গতকাল সকালে ওই তিন কর্মী থানা থেকে পাসপোর্ট ছাড়িয়ে আনতে গেলে এসআই দেবাশীষ তাঁদের বলেন, ‘চিন্তা নেই, আপনাদের স্বজনদের সঙ্গে চুক্তি হয়েছে, তাঁরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছেন, টাকা হাতে পেলেই পাসপোর্ট ফেরত দিয়ে দেবেন।’ পুরো ঘটনাটি জানতেন থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ। গতকাল ডিসি এসব ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে এসআই ও এএসআইকে সাময়িক বরখাস্ত করেন। থানার ওসি তাঁর কৃতকর্মের জন্য ডিসির কাছে ক্ষমা চান। পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার অবগত হন।
গতকাল রাতে ট্রাভেল এজেন্সির একজন কর্মকর্তা এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসির কাছে লিখিত অভিযোগ করেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিএমপি কমিশনার শেরেবাংলা থানার পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
জানতে চাইলে আবুল কালাম আজাদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘উপকমিশনার আমাকে ডেকেছিলেন। তবে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না জানি না।’ আজাদ বলেন, ‘আমরা থানায় চাকরি করি, অনেক ঘটনার দায় আমাদের ওপর চলে আসে।’