ঘুষ চাওয়ার প্রবণতা কমলেও রেট বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি সব খাতেই কমবেশি দুর্নীতি রয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজক এনজিওবিষয়ক ব্যুরো। অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, গত বছর চার শতাধিক ব্যক্তিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘এই অভিযানের ফলে দেখা গেল, আমাকে অনেকেই বলেছে যে আপনি ড্রাইভ দিচ্ছেন ভালো, কিন্তু এতে রেট বেড়ে গেছে। যারা দুর্নীতি করছে, তাদের এখন বক্তব্য হচ্ছে, ভাই এখন চারদিকে দুদক, ঝামেলা, ১০ টাকার জায়গায় আপনি এক হাজার টাকা দেবেন। এটা আমার কানে এসেছে।’ ইকবাল মাহমুদ আরও বলেন, ‘এটা সত্য না মিথ্যা তা যাচাই করার দায়িত্ব আমার না। তবে কানে যেহেতু এসেছে, তা উদ্বেগের বিষয়।’
শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু রোধ, নারী-অধিকার, পরিবেশ, বৃক্ষরোপণ, স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে এনজিওগুলোর ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন দুদক চেয়ারম্যান। এনজিও প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অ্যাডভোকেসি কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত। তাই দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এ সকল কর্মসূচিতে দুর্নীতির ধারণা, কুফল ইত্যাদি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে ভূমিকা রাখুন।’
এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাকশনএইডের এদেশীয় প্রধান ফারাহ্ কবীর প্রমুখ।