ঘুষ চাওয়ায় হাতিয়ায় বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক শফি মাহমুদকে নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের কলেজ শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

এর আগে গতকাল সোমবার এই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিআইএ প্রেষণে ছিলেন। ডিআইএ স্কুল, কলেজ ও মাদ্রাসার আর্থিক নিরীক্ষা ও পরিদর্শন করে থাকে।

সম্প্রতি বগুড়ায় আটটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিরীক্ষা ও পরিদর্শনে গিয়ে শফি মাহমুদ প্রতিটি প্রতিষ্ঠানের জন্য এক লাখ টাকা ঘুষ চান বলে অভিযোগ ওঠে। শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের কাছে সেখানকার শিক্ষকদের পক্ষ থেকে গতকাল বিষয়টি সুনির্দিষ্টভাবে জানানো হয়। এরপর সচিব নিজেই অভিযোগটি প্রাথমিকভাবে খতিয়ে দেখেন। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অবশ্য শফি মাহমুদ দাবি করেন, এই অভিযোগ মিথ্যা। এটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।