ঘুষ ছাড়া ফাইল চলে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বদলি, অবসর ভাতা, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন কাজে ঘুষ না দিলে ফাইল আটকে থাকে। এ কার্যালয় ঘিরে একটি দালাল চক্র গড়ে উঠেছে যারা নানা কৌশলে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চৌহালী উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৭৫১ জন শিক্ষক ও ৩২ হাজার শিক্ষার্থী রয়েছে। অনেক বিদ্যালয় নদীভাঙনের কবলে পড়ায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো নেই।
এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, চরাঞ্চলে অবকাঠামো-সংকটসহ নানান অসুবিধার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা দালাল চক্রের মাধ্যমে শিক্ষকদের জিম্মি করে রেখেছেন। সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। প্রকল্পের অর্থ উত্তোলনে তিন হাজার করে টাকা দিতে হয়। বিল-ভাউচার পাস করানোর সময় লাগে দেড় হাজার করে টাকা। উপজেলার ২০ জন পুলভুক্ত শিক্ষক ও ৯০ জন প্যানেল শিক্ষকের যোগদানের সময় প্রত্যেকের কাছ থেকে আড়াই হাজার টাকা ও নতুন বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষকের কাছ থেকে টাইমস্কেল করে দেওয়া বাবদ তিন হাজার টাকা নেওয়া হয়েছে। চিকিৎসা ছুটি পাস করাতে প্রত্যেকের কাছ থেকে তিন-পাঁচ হাজার, বিনোদন বিল তুলতে এক হাজার টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। বদলির জন্য প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা এবং পেনশনের টাকা উত্তোলনের কাগজপত্র তৈরিতে ২০-২৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, অফিস সহকারী আবদুল মালেক ও পুখুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমানের নেতৃত্বে একটি দালাল চক্র গড়ে উঠেছে। তারা সব সময় শিক্ষা কার্যালয়ে অবস্থান করে। চাহিদামতো ঘুষ না দিলে ফাইল মাসের পর মাস আটকে রাখা হয়।
এ বিষয়ে জানতে আবদুল মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসের সার্বিক দায়িত্ব উপজেলা শিক্ষা কর্মকর্তার। তিনিই সব কিছু করে থাকেন।
শিক্ষক মশিউর রহমান বলেন, ‘বিদ্যালয়ের কাজকর্মের জন্য প্রায়ই শিক্ষা কার্যালয়ে আসতে হয়। অন্য শিক্ষকেরা অনুরোধ করায় তাঁদের কাজ করে দিই। টাকা-পয়সা নেওয়ার প্রশ্নই ওঠে না।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে একটি দালাল চক্র গত জানুয়ারিতে ১৯টি নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের চেষ্টা করেছিল। তারা এ বিষয়ে মন্ত্রণালয়ের একটি চিঠি জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছিল, যা পরে ভুয়া প্রমাণিত হয়েছে। নতুন বিদ্যালয়ে নিয়োগের কথা বলে অনেকের কাছে টাকা নিয়েছে ওই চক্রটি।
ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বলেন, ‘শিক্ষকদের মধ্যে দলাদলি রয়েছে। মশিউর একটু বেশি অফিসে ঘোরাঘুরি করেন। তাই অনেকে সহ্য করতে পারে না। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলে কে টাকা নিয়েছে, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মো. ইউসুফ রেজা বলেন, নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমার কার্যালয়ে একটি তালিকা পাঠানো হয়েছিল। খোঁজ করে জানতে পারি, যেসব কাগজপত্র জমা দেওয়া হয়েছে সেগুলো ভুয়া ও জাল। অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।