রাজশাহীর বাগমারা উপজেলায় পল্লী বিদ্যুতের ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এখনো ঘুষ ও দালাল ছাড়া নতুন সংযোগ পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সংযোগ পেতে প্রতি গ্রাহককে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
এদিকে পল্লী বিদ্যুতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে এ কার্যালয়ের বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু হয়েছে। সকালে পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের নির্দেশে পুঠিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মজিবুল হক ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম রঞ্জন কুমার তদন্ত শুরু করেন। তাঁরা প্রতারিত ও ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেছেন।
তদন্তের একপর্যায়ে তাঁরা পল্লী বিদ্যুতের প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান সিরাজ উদ্দিনের ব্যক্তিগত এক কর্মচারীর কাছ থেকে দপ্তরের ১৫টি গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করেন। এসব ফাইল কেবল বিদ্যুতের দপ্তরেই সংরক্ষিত থাকার বিধান।
তদন্তকারী কর্মকর্তা মজিবুল হক ও রঞ্জন কুমার বলেন, তাঁরা এ বিষয়ে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও তাঁরা জানিয়েছেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীল দুজন কর্মকর্তা বলেন, সাত বছর ধরে বন্ধ থাকা পল্লী বিদ্যুতের সংযোগ গত বছরের ১২ জুলাই থেকে শুরু করা হয়। ওই সময় থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত মোট ১২ হাজার ৫৮০টি নতুন সংযোগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে আট-নয়জন গ্রাহক অভিযোগ করেন, টাকা ছাড়া কেউ সংযোগ পাননি এবং পাচ্ছেন না। সংযোগ নিতে আবাসিক গ্রাহকদের দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ঘুষের পরিমাণ বাড়ে। এই ঘুষকে কেন্দ্র করে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটেছে।
ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ডিজিএম) ফসিউল হক জাহাঙ্গীর বলেন, ফিসহ আবেদন করার পর পল্লী বিদ্যুতের প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান ওই গ্রাহকের বাড়িতে ওয়্যারিং করে প্রতিবেদন দেন। এরপর ওয়্যারিং পরিদর্শক তা পরিদর্শন করে প্রতিবেদন দিলে একজন সহকারী মহাব্যবস্থাপক (এডিএম) মিটারের টাকা জমা নিয়ে সংযোগের ব্যবস্থা করেন। এ নিয়মকে কাজে লাগিয়ে প্রতিবেদনের নামে টেকনিশিয়ান ও ওয়্যারিং পরিদর্শক গ্রাহকদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন।
চানপাড়া গ্রামের কাজী আবদুল মান্নান অভিযোগ করেন, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি বিদ্যুতের জন্য আবেদন করেছেন। মিটারের টাকাও জমা দিয়েছেন। পরে যোগাযোগ করে জানতে পারেন তাঁকে নিজ খরচায় কেব্ল (তার) কিনতে হবে। সেই জন্য টাকাও জমা দিয়েছেন। কিন্তু এখনো তিনি বিদ্যুৎ-সংযোগ পাননি। ওই দপ্তরের এক কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেছিলেন। তাঁকে তিনি ওই টাকা দেননি। লাউপাড়া গ্রামের আকরাম হোসেন ও জামিলুর রহমান এবং বাগমারার আইনুল হক অভিযোগ করেন, তাঁরা ২০১২ সালে বিদ্যুতের জন্য আবেদন করেও এখন পর্যন্ত সংযোগ পাননি। অথচ চলতি বছরে আবেদন করে শতাধিক গ্রাহক সংযোগ পেয়েছেন। তাঁদের অভিযোগ পল্লী বিদ্যুতের প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান সিরাজ উদ্দিন এবং ওয়্যারিং পরিদর্শক বাসুদেব হাওলাদার প্রতিবেদনের জন্য যে টাকা দাবি করেছেন তা না দেওয়ায় এখন পর্যন্ত সংযোগ পাননি। বেলাল হোসেন নামের আরেক গ্রাহক অভিযোগ করেন, বাসুদেব ক্ষমতাসীন দলের এক নেতার (দালাল) মাধ্যমে সাত হাজার টাকা দাবি করেছেন। টাকা না দেওয়ায় এখন পর্যন্ত সংযোগ পাননি।
বাগমারা গ্রামের ইসরাফিল হোসেন বলেন, তাঁর এক আত্মীয়ের বাড়িতে বিদ্যুৎ-সংযোগের জন্য বাসুদেব হাওলাদারকে সাত হাজার টাকা ঘুষ দেওয়ার পর সংযোগ পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে শুধু গণিপুর ইউনিয়নের কমপক্ষে ২০ জন গ্রাহক এমন অভিযোগ করেছেন। টেকনিশিয়ান সিরাজকে ওয়্যারিং প্রতিবেদন নেওয়ার জন্য প্রত্যেককে এক হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে। কেন ঘুষ দিলেন—এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, বিদ্যুতের প্রয়োজন, টাকা না দিলে হয়রানির শিকার হবেন এ জন্য দিয়েছেন।
ওয়্যারিং পরিদর্শক বাসুদেব হাওলাদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে বিপদে ফেলার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। কোনো টাকা নেওয়া হয় না।’ তবে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান সিরাজ উদ্দিনের মুঠোফোনে সাত-আটবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
এদিকে পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের নির্দেশে গত সপ্তাহে বাগমারার ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়কে দালালমুক্ত ঘোষণা দিয়ে পোস্টার বিলি ও মাইকিং করা হলেও তা কাজে আসেনি। গত সোমবার সকালে পল্লী বিদ্যুতের ওই দপ্তরে গিয়ে দালালদের দৌরাত্ম্য দেখা গেছে।
এ ব্যাপারে ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর বলেন, এখন দালালমুক্ত করা হয়েছে। ঈদের পর থেকে ঘুষ ও হয়রানি রোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রচারণা তালিয়ে সংযোগের ব্যবস্থা করা হবে। তবে যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।