ঘুষ দিতে এসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আটক আলমগীর হোসেন উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভূমি কার্যালয়ের অফিস সহকারী বেলায়েত হোসেন বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা করেছেন।

সহকারী কমিশনার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন প্রথম আলোকে জানান, সোনাপুর গ্রামের একটি খালের জায়গা নিয়ে আলমগীর হোসেনের সঙ্গে তাঁর প্রতিপক্ষের বিরোধ চলছিল। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন জায়গাটির শ্রেণি পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে তাঁকে নির্দেশ দেন। গতকাল বেলা তিনটার দিকে তিনি প্রতিবেদন লেখার সময় আলমগীর তাঁর পক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা ঘুষ দিতে চান। এ সময় তিনি কর্মচারীদের সহায়তায় আলমগীরকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে।