ঘুষ দিয়েও মেলেনি প্রতিবন্ধী কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনের বিরুদ্ধে প্রতিবন্ধীদের কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বরাহি গ্রামের এক প্রতিবন্ধী নারীর বাবা লিলাবর সরদার (৬৫) গত ৩০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
লিলাবর বলেন, ‘দুই বেলা ভাতের জন্যি বুড়া বয়সে কাজ করি। স্ত্রী পরের বাড়িত ঝিয়ের কাম করে। তাই প্রতিবন্ধী কার্ড করার জন্যি চেয়ারমানের কাছে ধরনা দিয়্যা শ্যাষ পর্যন্ত সংসারের শেষ সম্বল দুডা বকরি (ছাগল) বিক্রি কর্যাী আট হাজার ট্যাকা চেয়ারম্যানের হাতত দিই। তাও কার্ড পাইনি। এখন ট্যাকা চ্যালে চেয়ারম্যান চৌকিদারক দিয়্যা হুমকি-ধমকি দেয়।’
একই গ্রামের নুরুল ইসলাম জানান, তাঁর প্রতিবন্ধী স্ত্রীর কার্ড করে দেওয়ার জন্য তিন হাজার টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা না দেওয়ায় কার্ড হয়নি। গত মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মাস আগে প্রতিবন্ধীর কার্ড করে দেওয়ার কথা বলে ইউনিয়নের চেয়ারম্যান কয়েকজন প্রতিবন্ধীর কাছ থেকে টাকা দাবি করেন। একই অভিযোগ করেন রমজান আলী নামের এক ব্যক্তি।
বাবুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যানের মেয়াদের শেষ সময়ে ক্ষমতাসীন দলের লোকজন আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।’
এ বিষয়ে ইউএনও শাহেদ পারভেজ বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, গত অর্থবছরে ছয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১১১ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়ার তালিকা করা হয়েছিল। জিয়ানগর ইউনিয়নে ১৩ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। উপজেলায় মোট ৫২১ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়। প্রত্যেক প্রতিবন্ধী মাসে ৫০০ করে টাকা পান।