নীলফামারী জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে পিয়ন পদে লোক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। পাঁচ লাখ টাকা ঘুষের বিনিময়ে জলঢাকা উপজেলা সাব–রেজিস্ট্রার কার্যালয়ের নৈশপ্রহরী আলী আকবরকে ভুয়া সনদে পিয়ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আলী আকবর বলেন, ‘আমি ১৯৯৪ সাল থেকে জলঢাকা সাব–রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলাম। আমাকে পদোন্নতি দেওয়ার কথা বলে জেলা রেজিস্ট্রার স্যার খরচ বাবদ পাঁচ লাখ টাকা চান। সেই হিসাবে আমি ৩০ শতক জমি ও ছাগল বিক্রি করে এবং মহাজনের কাছ থেকে মাসে প্রতি হাজারে দেড় শ টাকা সুদে দেড় লাখ টাকা নিয়ে স্যারকে পাঁচ লাখ টাকা দিই। এ ছাড়া অফিসের অন্যদের ৫৫ হাজার টাকা দিই। এরপর আমাকে ডোমার সাব–রেজিস্ট্রি অফিসে পিয়ন পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কাজে যোগদান করতে গেলে নিয়োগটি অবৈধ বলে ডোমার সাব–রেজিস্ট্রার আমার যোগদানপত্র গ্রহণ করেননি। পরে পুরোনো কর্মস্থলে ফিরে আসি। এখানেও আমাকে যোগ দিতে দেওয়া হয়নি। চাকরি তো হারালামই; এখন মহাজনের সুদের টাকা পরিশোধ করতে না পারায় আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।’ ভুয়া কাগজপত্রের ব্যাপারে আলী আকবর বলেন, ‘ওই কাগজ স্যার কীভাবে জোগাড় করেছেন, তা জানি না।’
খলিলুর রহমান হাওলাদার পাঁচ লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি টাকা নিয়েছি—এমন কোনো প্রমাণ বা তথ্য-উপাত্ত কেউ দেখাতে পারবেন না। তবে নিয়ম মেনে প্রার্থীর দাখিল করা কাগজপত্রের ভিত্তিতে ওই নিয়োগ দেওয়া হয়েছে।’ এখন কেন আলী আকবর চাকরিতে যোগদান করতে পারছেন না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৯ এপ্রিল আলী আকবরকে নিয়োগ দেওয়ার পর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজালুল হক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন।
চলতি বছরের ১০ মার্চ ডোমার সাব–রেজিস্ট্রি অফিসে পিয়ন পদে একজন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৯ এপ্রিল বেলা ১১টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলার বেতগাড়া গ্রামের চাকরিপ্রার্থী আফজালুল হক অভিযোগ করে বলেন, ওই পরীক্ষা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা হয়েছে শহরের অবকাশ নামের আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষে। চার সদস্যের নিয়োগ কমিটির মধ্যে কমিটির প্রধান জেলা রেজিস্ট্রার ছাড়া অন্য সদস্যরা অনুপস্থিত ছিলেন। আলী আকবর পরীক্ষায় অংশ না নিলেও তাঁকে প্রথম স্থান অধিকারী দেখিয়ে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিনিময়ে খলিলুর রহমান হাওলাদার মোটা অঙ্কের উৎকোচ নিয়েছেন।
আফজালুল হক দাবি করেন, বিজ্ঞপ্তিতে নীলফামারীর স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন চাওয়া হয়। কিন্তু আলী আকবর লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড় খাতা ইউনিয়নের সারডুবি গ্রামের স্থায়ী বাসিন্দা। আবেদনকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছরের ঊর্ধ্বে। জালিয়াতির মাধ্যমে হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৭ সালে অষ্টম শ্রেণি পাসের সনদে জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১৯৮৪ সালের ২ জুন।
ডোমার সাব–রেজিস্ট্রার আবদুল হালিম প্রধান বলেন, ‘ওই দিন আমি সৈয়দপুর সাব–রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলাম। নিয়োগ কমিটিতে আমার যে স্বাক্ষর দেখানো হয়েছে, সেটি আমার না।’ আলী আকবরের যোগদানপত্র কেন গ্রহণ করা হয়নি—এ ব্যাপারে জানতে চাইলে আবদুল হালিম প্রধান বলেন, ‘তাঁর নিয়োগ বিধিমোতাবেক না হওয়ায় তাঁকে অফিসে যোগদানের কোনো আদেশ বা আদেশের কপি গ্রহণ করতে পারি না।’