নড়াইল আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে সামান্য ভুলের কারণে আবেদনপত্র বাতিল করা হয়।
১১ জন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকা না পেলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারও করেন কর্মকর্তারা। টাকা দিলে আবেদনপত্রে আর কোনো ভুল থাকে না। এ জন্য প্রতি গ্রাহকের কাছ থেকে ৯০০ থেকে ১০০০ টাকা করে নেওয়া হচ্ছে।
কালিয়া উপজেলার পাটনা গ্রামের রমেশ বিশ্বাস বলেন, ‘আগে পাসপোর্ট করার জন্য আমাদের যশোর, খুলনা কিংবা ঢাকায় যেতে হতো। ভেবেছিলাম নড়াইলে পাসপোর্ট কার্যালয়ের কাজ শুরু হলে ভোগান্তি কমবে। কিন্তু ভোগান্তি থেকে এখনো মুক্তি পেলাম না।’
কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় ২০১২ সালে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি আসতে দেরি হয়। ২০১৪ সালের ৩০ নভেম্বর কার্যক্রম শুরু হয়। প্রতিদিন ১০০ থেকে ১২৫ জন যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্টের জন্য আবেদন করেন। নিয়মানুযায়ী একজন গ্রাহক প্রথমে কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহের পর তা পূরণ করে ব্যাংকে ৩ হাজার ৪৫৫ টাকা জমা দেবেন। এরপর টাকা জমার রসিদসহ আবেদনপত্রটি কার্যালয়ে জমা দিলে সাধারণত এক সপ্তাহের মধ্যে ছবি তোলার তারিখ দেওয়া হয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা এটি তদন্ত করে প্রতিবেদন দিলে পাসপোর্ট মেলে।
সদর উপজেলার টাবরা গ্রামের বিনয় বিশ্বাস বলেন, ‘পাসপোর্ট কার্যালয়ে কর্মরত আমিনুল ইসলাম পাসপোর্ট করতে ১ হাজার টাকা চান। তাঁকে ৯০০ টাকা দেওয়ার পর কাজ হয়।’ কার্যালয় থেকে জানা যায়, আমিনুল আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার কাজে নিয়োজিত আছেন।
এ বিষয়ে আমিনুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য ওই কার্যালয়ে কয়েকবার গিয়েও তাঁকে পাওয়া যায়নি। একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের রবীন্দ্রনাথ দাস বলেন, ‘আবেদনপত্রের একটি জায়গায় টিক চিহ্ন দেওয়া হয়নি—এমন অজুহাতে তাঁর আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়। পরে এক হাজার টাকা দিলে সেটা ঠিক হয়।’
নাম প্রকাশ না করার শর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা জানান, তিনি গত বছর আগস্ট মাসে পাসপোর্ট করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অনাপত্তিপত্র নেন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাসপোর্ট করতে গেলে কার্যালয় থেকে তাঁকে আবার নতুন করে অনাপত্তিপত্র আনতে বলা হয়। পরে এক হাজার টাকা দিয়ে এর মীমাংসা করা হয়।
কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ভূইয়া বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। এখন থেকে বিষয়টি বিশেষভাবে নজরদারিতে রাখব।’
গ্রাহকদের ভোগান্তি শুধু কার্যালয়েই সীমাবদ্ধ না। পাসপোর্টের জন্য পুলিশের গোয়েন্দা শাখার তদন্ত প্রতিবেদনের জন্যেও তাঁদের টাকা দিতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রাহক অভিযোগ করেন, তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাসপোর্ট-প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা নিয়ে থাকেন। টাকা না দিলে তদন্ত প্রতিবেদন পাসপোর্ট কার্যালয়ে জমা দেওয়া হয় না।
পুলিশের জেলা গোয়েন্দা কর্মকর্তা মো. জাকির হোসেন পাসপোর্টের জন্য পুলিশের টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এ ব্যাপারে কোনো ব্যত্যয় হলে সংশিষ্টদের সঙ্গে কথা বলে পুলিশ সুপারকে জানানো হবে।