যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘুষ না দিলে মিথ্যা মামলা দিয়ে লোকজনকে ফাঁসিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় জহুরপুর ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৬০-৭০ জন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পড়ে শোনান উত্তর চাঁদপুর গ্রামের মমিনুল ইসলাম। এতে অভিযোগ করা হয়, বাঘারপাড়া থানা-পুলিশের সীমাহীন অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বিশেষ করে খাজুরা ফাঁড়ির এসআই মাসুদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম এলাকার নিরীহ মানুষজন ধরে ঘুষ দাবি করছেন। না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। গত পাঁচ মাসে এমন ১৪টি মামলায় অন্তত ১৫ জন নিরীহ ছাত্রসহ অনেককে ফাঁসানো হয়েছে।
লিখিত বক্তব্যে উদাহরণ দিয়ে বলা হয়, পুলিশ কর্মকর্তা মাসুদুর ও শরিফুল ২২ জানুয়ারি গভীর রাতে বেতালপাড়ার সুরমান মোল্ল্যা ও জহুরপুর গ্রামের শওকত আলীর বাড়িতে যান। ফটক না খোলায় তাঁরা গালাগাল শুরু করেন। একপর্যায়ে কুড়াল দিয়ে সুরমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢোকেন। ওই রাতে সুরমানের ছেলে মনিরুল ইসলাম ও শওকত আলীর ছেলে জুয়েলকে ধরে ফাঁড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরিবারের লোকজন ফাঁড়িতে গেলে তাঁদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। না দেওয়ায় বাঘারপাড়া থানায় দুটি মামলা দেওয়া হয়।
মামলা দুটিতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী ও নাজিম আল হীরাসহ ১৮ জনকে আসামি করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, একইভাবে সম্প্রতি খাজুরা শহীদ সিরাজউদ্দীন হোসেন ডিগ্রি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী মামুনুর রশিদকে সন্দেহভাজন দেখিয়ে ধরে নিয়ে যায় খাজুরা ফাঁড়ির পুলিশ। পরে স্বীকারোক্তি আদায়ের নামে তাঁকে নির্যাতন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন মামুনুরের বাবা জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব আহম্মদ আলী ও মা ছায়েরা খাতুন। তাঁরা বলেন, মামুনুর রাজনীতি করে না। সে নিরীহ মানুষ হলেও তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলাও রয়েছে।
পুলিশের অত্যাচারে এলাকার শত শত মানুষ বর্তমানে এলাকাছাড়া উল্লেখ করে সম্মেলন থেকে এসব ঘটনা অবিলম্বে তদন্ত করে পুলিশ কর্মকর্তা মাসুদুর ও শরিফুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পুলিশের অত্যাচারের বিষয়টি সত্য দাবি করে জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলু পাটোয়ারী সাংবাদিকদের বলেন, খাজুরা ফাঁড়ির ইনচার্জসহ অসৎ পুলিশ সদস্যদের অবিলম্বে প্রত্যাহার না করা পর্যন্ত এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।
তবে এসআই মাসুদুর রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মামুনুর রশিদ নামে কাউকে চিনি না। আমি মামলার তদন্ত কর্মকর্তা নই, মামলার বাদীও না। থানার ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন।’
এ বিষয়ে জানতে চাইবাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদের মুঠোফোনে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফোন দেওয়া হলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন। রাত আটটার দিকে আবার ফোন দেওয়া হলে ওসি আর ফোন ধরেননি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্যও জানা যায়নি।