ঢাকার সাভার উপজেলা পরিষদের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাভার কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য চলছে। ভুক্তভোগীদের অভিযোগ, এখানে হয়রানির সীমা নেই। ঘুষ ছাড়া মেলে না যানবাহন চালানোর কোনো অনুমতিপত্র (লাইসেন্স)।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কার্যালয়ে গিয়ে দেখা যায়, লোকজনের ভিড়। সহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলছে। তাঁর কক্ষের বাইরে একটি টেবিলে অনুমতিপত্রের জন্য আসা লোকজনকে ফরম পূরণ করে দিচ্ছেন এক তরুণ। অপর একটি কক্ষে বসে কম্পিউটারে কাজ করছেন আরেক তরুণ। ওই কক্ষেই কাজ করছিলেন উচ্চমান সহকারী মতিউর রহমান। তিনি ছাড়া দাপ্তরিক এসব কাজের সঙ্গে যুক্ত সবাই বহিরাগত। যাঁদের দালাল হিসেবেই জানেন ভুক্তভোগীরা।
পরিচয় জানার চেষ্টা করতেই এই বহিরাগত ব্যক্তিরা কৌশলে লোকজনের ভিড়ে হারিয়ে যান। পরে আর তাঁদের খুঁজে পাওয়া যায়নি। এ সময় বেশ কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, তাঁরা যানবাহন চালানোর অনুমতিপত্রের জন্য এখানে এসেছেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আবদুল আল মামুন বলেন, বেশ কয়েক মাস ঘুরেও তিনি হালকা যান ও মোটরসাইকেল চালানোর অনুমতিপত্র পাননি। এরপর বাবু নামের এক দালালকে ৭ হাজার টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই গত রোববার তিনি এসব যানবাহন চালানোর সাময়িক অনুমতিপত্র পান।
কিশোরগঞ্জের তারাইল উপজেলার সাইফুল ইসলাম বলেন, ১০ হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে মঙ্গলবার সাময়িক অনুমতিপত্র পেয়েছেন।
ভুক্তভোগীরা বলেন, টাকা ছাড়া এ কার্যালয় থেকে অনুমতিপত্র মেলে না।
উচ্চমান সহকারী মতিউর রহমান বলেন, ‘এসব দালালদের কাজ। আমরা এসবের সঙ্গে যুক্ত নই।’ তিিন আরও বলেন, ‘এই দপ্তরটি দালালদের কাছে জিম্মি। আমাদের পক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না।’
যোগাযোগ করা হলে সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, দালালদের অত্যাচার আর লোকবলের অভাবে সাভার কার্যালয়ের কার্যক্রম প্রায় গুটিয়ে ফেলা হয়েছে। আবেদন গ্রহণ ও লাইসেন্স সরবরাহ ছাড়া এ দপ্তরের আর কোনো কার্যক্রম নেই। দালালদের খপ্পরে পড়ে অনেকইে টাকা দিয়ে থাকেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঝেমধ্যেই অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। এর পরেও সাভার কার্যালয় দালালমুক্ত করা সম্ভব হচ্ছে না।