ঘুষ না দিলে মেলে না পাসপোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা পাসপোর্ট কার্যালয়ে প্রতিটি পাসপোর্ট করার জন্য এক হাজার থেকে আড়াই হাজার টাকা করে উৎকোচ নেওয়া হচ্ছে। আল আমিন নামে ওই কার্যালয়ের এক কর্মচারী ওই টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উৎকোচ না দিলে আবেদনকারীদের হয়রানি করেন তিনি।
এ ব্যাপারে কয়েকজন আবেদনকারী গত রোববার বিকেলে পঞ্চগড় পাসপোর্ট কার্যালয়ের চুক্তিভিত্তিক নৈশপ্রহরী আল অামিনের বিরুদ্ধে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ মার্চ জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মনিরামজোত এলাকার শ্রীকান্ত বর্মণ নিজের পাসপোর্টের আবেদন করেন। এরপর ওই কার্যালয়ের আউটসোর্সিং সহকারী হিসেবে পরিচয়দানকারী নৈশপ্রহরী আল আমিন পাসপোর্টের যাবতীয় কাজ ও পুলিশি তদন্তের কথা বলে ২ হাজার ২০০ টাকা নেন। গত রোববার দুপুরে পাসপোর্টের খবর নিতে অফিসে এলে পুলিশি তদন্তের জন্য আল আমিন তাঁর কাছে আবারও দেড় হাজার টাকা দাবি করেন।
লিখিত অভিযোগ সূত্রে আরও জানা গেছে, বোদা উপজেলার আমিন নগর ডিয়াপাড়া এলাকার মৃত সফিউল ইসলামের মেয়ে জেসমিন আক্তার, আটোয়ারীর কিসমত এলাকার পজির উদ্দিনের মেয়ে শিউলি আক্তারও একইভাবে হয়রানির শিকার হয়েছেন। গত রোববার দুপুরে আল আমিন অফিসের খরচ দেখিয়ে জেসমিন আক্তারের কাছ থেকে এক হাজার টাকা এবং গত ৩০ মার্চ শিউলী আক্তারের কাছে অফিস খরচের জন্য ২ হাজার ৫০০ টাকা ঘুষ নেন।
ভুক্তভোগীরা ঘুষ নেওয়ার বিষয়টি রোববার পঞ্চগড় সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অফিসে যান এবং বিষয়টি পঞ্চগড় পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল মোত্তালেব সরকারকে জানান। এ সময় তিনি আল আমিনের বিরুদ্ধে দাপ্তরিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ভুক্তভোগীদের আশ্বস্ত করেন।
পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ে উপসহকারী পরিচালক, অফিস সহকারী, রেকর্ড কিপার, ডেটা এন্ট্রি অপারেটর, এমএলএসএসসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী আছেন। পাসপোর্ট পাওয়ার জন্য একজন আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্রের দুটি কপি ইংরেজিতে পূরণ করতে হয়। সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার এবং জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয়। এই আবেদনপত্রের এক কপি পুলিশি তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। নৈশপ্রহরী আল আমিন পুলিশি তদন্ত এবং আবেদন সঠিক আছে মর্মে আবেদনকারীদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। দিতে ব্যর্থ হলে আবেদনে ভুল আছে ও পুলিশি তদন্ত প্রতিবেদন ঠিক সময়ে পাবেন না বলে আবেদনকারীদের জানিয়ে দেন তিনি। আবেদনকারীরা এ ব্যাপারে কর্মকর্তা বা অন্য কারও সহায়তা চাইলে তাঁরা আল আমিনকে দেখিয়ে দেন।
নৈশপ্রহরী আল আমিন বলেন, ঘুষ নয়, মানুষ খুশি হয়েই টাকা দেন। এ টাকার ভাগ অফিসের সবাই নেন।
উৎকোচের টাকার ভাগ নেওয়ার অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার বলেন, আল আমিনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।