ঘুষ না দেওয়ায় কৃষককে আটকে রেখে শাস্তি
নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি ব্যাংক থেকে ৪০ হাজার টাকা কৃষি ঋণ নিতে গিয়ে ঘুষ দিতে রাজি না হওয়ায় এক কৃষককে আটকে রাখার অভিযোগ উঠেছে ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকের নাম (৫০) জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ ব্যাংকে গিয়ে ওই কৃষককে উদ্ধার করে এবং ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করে। আটক দুই কর্মকর্তা হলেন শাহ আলম ও আবদুর রহিম।
উপজেলার বদলকোট ইউনিয়নের মনোহরপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ৪০ হাজার টাকা কৃষি ঋণের জন্য কৃষি ব্যাংকের চাটখিল শাখায় যান। সারা দিনই তিনি ব্যাংকে ছিলেন। বিকেলে তাঁর হাতে ঋণের ৪০ হাজার টাকা দেওয়া হয়। এ সময় দুই কর্মকর্তা শাহ আলম ও আবদুর রহিম ঘুষ বাবদ প্রথমে ৮ হাজার টাকা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করায় টাকার অঙ্ক সাড়ে ৫ হাজারে গিয়ে ঠেকে। কিন্তু তিনি তাও দিতে অপারগত প্রকাশ করেন।
কৃষক জাহাঙ্গীর আলম বলেন, টাকা নিয়ে দর-কষাকষি করতে করতে সন্ধ্যায় হয়ে যায়। এ সময় ব্যাংকের দুই কর্মকর্তা ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে তিনি ঘটনাটি ফোন করে বাড়িতে তাঁর ভাতিজাদের জানালে তাঁরা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং ব্যাংকের দুই কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
জানতে চাইলে কৃষি ব্যাংকের দুই কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার। প্রথম আলোকে তিনি বলেন, ঋণ নিতে কৃষক জাহাঙ্গীর আলম কৃষি ব্যাংকে গেলে ঘুষের জন্য তাঁকে সারা দিন আটকে রাখা হয়। পরে পুলিশ ব্যাংকে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং ব্যাংকের দুই কর্মকর্তাকে থানায় নিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে কথা হয় কৃষি ব্যাংকের চাটখিল শাখা ব্যবস্থাপক রুহুল আমিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে ৪টায় তিনি ব্যাংক থেকে বের হন। তখন পর্যন্ত এ রকম কোনো বিষয় তাঁর নজরে পড়েনি কিংবা ওই ঋণ গ্রহীতাও তাঁর কাছে ঘুষ দাবির কোনো অভিযোগ করেননি। তবে আটক শাহ আলম ও আবদুর রহিম ব্যাংকের কর্মকর্তা বলে নিশ্চিত করেন ব্যবস্থাপক।