ঘুষ না দেওয়ায় জোর করে পদত্যাগপত্র আদায়!
লাখ টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জের অভিরামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষক গতকাল রোববার বিদ্যালয়ে গেলেও তাঁকে দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি।
ভুক্তভোগী শিক্ষকের নাম আইনুন নাহার। তিনি বলেন, গত ১৪ আগস্ট ওই বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী প্রথম হন তিনি। নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের আইনুন নাহারকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেন। সে অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি ১৬ আগস্ট তাঁকে নিয়োগপত্র দেয়।
আইনুন নাহার অভিযোগ করে বলেন, নিয়োগ পাওয়ার দিনই তিনি যোগদান করেন। পরদিন ১৭ আগস্ট আইনুন নাহারকে প্রধান শিক্ষক ফেরদৌস আরা তাঁর চৌমুহনীর বাসায় ডাকেন। প্রধান শিক্ষক তাঁর কাছ থেকে নিজের জন্য ৫০ হাজার টাকা ও বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে ৫০ হাজার টাকা দিতে বলেন। তখন তিনি (আইনুন নাহার) টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে বাসা থেকে চলে আসেন।
আইনুন আরও বলেন, কয়েক দিন পর প্রধান শিক্ষক বেতন-ভাতার এমপিওভুক্তির জন্য তাঁকে সব নিয়োগের কাগজপত্র ফটোকপি করে নিয়ে আসতে বলেন। ১০ সেপ্টেম্বর তিনি কাগজপত্র নিয়ে এলে প্রধান শিক্ষক সব কাগজ নিয়ে যান। এ সময় প্রধান শিক্ষকের অনুগত কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে তাঁর কাছে থেকে জোর করে ‘ব্যক্তিগত কারণে চাকরি থেকে পদত্যাগ’-সংক্রান্ত একটি লেখা আদায় করেন এবং ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেন। নিষেধ সত্ত্বেও তিনি ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ে যান। কিন্তু তাঁকে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয়নি। এ অবস্থায় তিনি ক্লাস নিয়ে বাড়িতে ফিরে যান। গতকাল রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর অফিস সহকারীরা তাঁকে দপ্তরের ভেতরে ঢুকতে বাধা দেন। এরপর তিনি পুরো সময় বিদ্যালয়ের বারান্দায় থাকেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফেরদৌস আরা বলেন, তিনি নিজেও নিয়োগ পাওয়ার সময় অনুদান দিয়ে চাকরি পেয়েছেন। সবার কাছে থেকেই এভাবে নেওয়া হয়। তবে তিনি নিজের জন্য কোনো টাকা চাননি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, নিয়োগ দেওয়া শিক্ষিকার কাছে থেকে পদত্যাগপত্র আদায়, কাগজপত্র নিয়ে যাওয়া এবং বিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, শিক্ষিকা আইনুন নাহারের অভিযোগটি সম্পর্কে তিনি অবগত। এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান।