ঘুষ না দেওয়ায় তিন মাসের বেতন পাননি শিক্ষকেরা
জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ না পাওয়ায় নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২১ শিক্ষক-কর্মচারীর তিন মাসের বেতন-ভাতা এবং ঈদ বোনাস ছাড় না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষক-কর্মচারীরা।
নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, সম্প্রতি কলেজের অধ্যক্ষ জেলা হিসাবরক্ষণ কার্যালয় বরাবর শিক্ষক-কর্মচারীদের তিন মাসের বেতন-ভাতা এবং উৎসব বোনাস দেওয়ার আবেদন করেন। কিন্তু আবেদনে সাড়া না দিয়ে বেঁকে বসেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন। বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে তিনি অধ্যক্ষের কাছে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সহকর্মীদের পরামর্শে ঝামেলা এড়াতে তিনি দাবি করা টাকার মধ্যে ৩৫ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু বাকি টাকা পরিশোধ না করায় বিল-ভাতা আটকে দেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা।
অধ্যক্ষ ঘটনাটি কলেজের অন্য সহকর্মীদের জানালে ২১ শিক্ষক-কর্মচারী এক জোট হয়ে গত বৃহস্পতিবার দুপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। তাঁরা তাৎক্ষণিকভাবে বেতন-বিল পরিশোধের তাগিদ দেন। এ নিয়ে তাঁদের সঙ্গে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের কাছে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ চাওয়ার বিষয়টি লিখিত আকারে অভিযোগ করেন। জেলা প্রশাসক ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বাস দেন।
অধ্যক্ষ সোলায়মান আলী বলেন, টানা তিন মাসের বেতন-ভাতা এবং উৎসব বোনাস না পেয়ে তাঁদের সংসারে অভাব অনটন শুরু হয়েছে। আর কয়েক দিন বাদেই ঈদ। অথচ তাঁরা টাকার অভাবে ঈদের কেনাকাটা তো দূরের কথা সংসারই চালাতে পারছেন না। তিনি অভিযোগ করেন, বেতন ভাতার বিল স্বাক্ষর করতে গেলে হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন তাঁর কাছে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন। কয়েক দফা ঘুরেও তিনি বিলে স্বাক্ষর করাতে পারেননি। সংসারের অভাব অনটনের কথা বিবেচনা করে তিনি ৩৫ হাজার টাকা বকশিস দিয়েছেন বলেও জানান। এরপরও কাজ হয়নি।
হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন ঘুষ চাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাঁদের বিলে কিছু সমস্যা আছে, তাই বিল স্বাক্ষরে কিছু বিলম্ব হচ্ছে।’
জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, ‘শিক্ষকদের বিলের কাগজপত্র দেখেছি। তাতে বিল পরিশোধ না করার মতো কিছু নেই। তা ছাড়া বেতন-ভাতা আটকিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা উৎকোচ দাবি করতে পারেন না। এটা অমানবিক।’ তিনি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।