ঘুষ না দেওয়ায় ভাতা পেলেন না বৃদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোদাবক্সেরে বিরুদ্ধে ঘুষের টাকার জন্য এক বৃদ্ধের বয়স্ক ভাতার বই আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ভাতার বই না পাওয়ায় ওই বৃদ্ধ ব্যাংক হিসাব খুলতে পারেননি। ফলে তালিকাভুক্ত হয়েও তিনি ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, চলতি বছর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের নামকান গ্রামের বাসিন্দা হেমন্ত কুমারকে (৭০) বয়স্ক ভাতার জন্য নির্বাচিত করা হয়। ইউনিয়ন কমিটি তাঁর নাম তালিকাভুক্ত করে অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে পাঠায়। সেখানে তা চূড়ান্ত করা হয়। সেই মোতাবেক উপজেলা কমিটি তাঁর নামে বয়স্ক ভাতার বই দিয়ে তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যের কাছে পাঠায়।
হেমন্ত কুমার অভিযোগ করেন, গত সোমবার তিনি ভাতার বই আনতে গেলে ইউপি সদস্য খোদাবক্স তাঁর কাছে ৫০০ টাকা দাবি করেন। টাকা না দিলে বই ও ভাতা দেওয়া হবে না বলে ইউপি সদস্য তাঁকে জানিয়ে দেন। তিনি টাকা দিতে না পারায় ইউপি সদস্য তাঁকে বই দেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার ওই ইউনিয়নের বয়স্ক ভাতার তালিকাভুক্তদের ব্যাংক হিসাব খোলার পর ভাতা বিতরণ করা হয়। কিন্তু বই না পাওয়ায় হেমন্ত কুমার বঞ্চিত হয়েছেন।
হেমন্ত কুমার জানান, উপজেলা সদরের ভবানীগঞ্জে সোনালী ব্যাংকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তিনি ভাতা ও বই পাননি।
এ ব্যাপারে ঝিকরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য খোদাবক্স বলেন, ‘ব্যাংক হিসাব খোলার জন্য কিছু খরচ হয় তাই টাকা চাওয়া হয়েছিল।’
ঝিকরা ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে দেখব।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল ফিরোজ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে এ ধরনের অভিযোগ প্রায়ই পাওয়া যায়।’