ঘুষ না পেয়ে কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি করা ৩০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় পুলিশের এক কর্মকর্তা এক কৃষককে পিটিয়ে মারাত্মক আহত করেছেন। বর্তমানে ওই কৃষক যন্ত্রণায় কাতরাচ্ছেন।
এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ আমলি আদালতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আর্জি ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ জানুয়ারি আটক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোসী ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের কৃষক আল মাহমুদকে (৫১) জমিসংক্রান্ত বিরোধের অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান গ্রেপ্তার করেন। থানাহাজতে আনার পর ছেড়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে মেরে পঙ্গু করে দেওয়া হবে বলে হুমকি দেন ওই এসআই। কিন্তু দরিদ্র কৃষক আল মাহমুদ ওই টাকা দিতে পারেননি। ফলে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে বেদম মারধর করেন। এতে তাঁর বাঁ পা মারাত্মকভাবে জখম হয়। পরের দিন অসুস্থ অবস্থায় আল মাহমুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর সপ্তাহ খানেকের মধ্যে অসুস্থতার কারণে আদালত তাঁকে জামিন দেন। জামিনের পর তিনি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ২০ ফেব্রুয়ারি তিনি বাদী হয়ে এসআই নুরুজ্জামানকে আসামি করে সিরাজগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে কৃষক আল মাহমুদ বলেন, ‘বাড়ির পাশের জমির সীমানা নিয়া প্রতিবেশী একজনের সঙ্গে বিবাদ হইছে। ওই লোক থানায় অভিযোগ দিছে। পরে পুলিশ আইসা আমারে অন্যায়ভাবে ধইরা নেয়। এরপর ছাড়া পাওয়ার জন্য ৩০ হাজার টাকা ঘুষ চায়। না দিলে আমারে রিমান্ডে নিয়া মাইর দিব কয়ে হুমকি দেয়। কিন্তু ওই টাকা দিতে না পারায় আমারে এমন পিটান পিটাইছে যে আমি এখন চলাফেরা করতেও পারি না।’
এসআই নুরুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমিসংক্রান্ত ঘটনার মামলায় তাঁকে আটকের পর আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রকার মারধর বা টাকাপয়সা দাবি করা হয়নি। আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ সম্পন্ন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।