ঘুষ না পেয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মনগড়া মন্তব্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এডিপিইওকে কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
শিক্ষক ও এলাকাবাসীর অভিযোগ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে না জানিয়েই ওই কর্মকর্তা বুধবার বিকেলে রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এরপর ঘুষের দাবির টাকা না পেয়ে তিনি পরিদর্শন খাতায় মনগড়া মন্তব্য লেখেন। সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর প্রতিবাদ করায় এডিপিইও তাঁকে লাঞ্ছিত করেন।
বিদ্যালয়টির শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্য এবং স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বুধবার বেলা তিনটার দিকে রামচন্দ্রপুর সরকারি বালক বিদ্যালয় পরিদর্শনে আসেন এডিপিইও সাইফুল ইসলাম। এর কিছুক্ষণ পরই বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘসময় তিনি সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে বিদ্যালয়ে অবস্থান করেন। বিকেল পাঁচটার দিকে তিনি পরিদর্শন খাতায় নানা মনগড়া মন্তব্য লিখে বিদ্যালয় ত্যাগ করেন। প্রধান শিক্ষক উপজেলা সদরে একটি সভায় যোগদান করতে যাওয়ায় শিক্ষক জাহাঙ্গীর আলম পরিদর্শন খাতায় ওই কর্মকর্তার মনগড়া মন্তব্য দেখে বিস্মিত হন। এরপর দ্রুত তিনি পাশের মালিপাড়া বাজারের সিএনজি স্ট্যান্ডে গিয়ে ওই কর্মকর্তার দেখা পান। তিনি খাতায় মনগড়া মন্তব্য লেখার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে এডিপিইও প্রকাশ্যে জাহাঙ্গীর আলমকে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এডিপিইওকে আটক করে বিদ্যালয় কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং করানোর অভিযোগ করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। ঈদের আগে ওই অভিযোগের তদন্ত করেন অপর একজন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম ভাঙিয়ে এডিপিইও সাইফুল ইসলাম শিক্ষকদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তদন্ত প্রতিবেদন আগেই জমা দেওয়ার কারণে সাইফুল ইসলাম ঘুষের টাকা আর নিতে পারেননি। এতে ক্ষিপ্ত হন তিনি। বুধবার বিকেলে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি ১০ হাজার টাকা দিতে বলেন। টাকার জন্যই তিনি দীর্ঘ সময় বিদ্যালয়ের কার্যালয়ে বসে থাকেন। শেষ পর্যন্ত টাকা না পেয়ে তিনি শিক্ষকদের বিরুদ্ধে গাইড বই কেনার নির্দেশ দেওয়ার মিথ্যা অভিযোগ পরিদর্শন খাতায় লিখে বিদ্যালয় ত্যাগ করেন।
এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম দাবি করেন, তিনি জেলা কর্মকর্তাকে জানিয়েই ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, শাহজাহানপুরে বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা এডিপিইও তাঁকে জানাননি।