ঘুষ না পেয়ে কৃষককে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) আফসার উদ্দিনের বিরুদ্ধে ঘুষ না পেয়ে এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলা খাদ্যগুদামে এই ঘটনা ঘটে।
হামলার শিকার হওয়া কৃষকের নাম আক্তার হোসেন (৩৫)। তিনি উপজেলার চরলক্ষ্মী গ্রামের আশ্রাফ আলী মাঝির ছেলে। তাঁর খাদ্যগুদামে ধান সরবরাহ করার কার্ড আছে।
জানা গেছে, উপজেলায় ধান সংগ্রহ অভিযান চলছে। আক্তার হোসেন একজন তালিকাভুক্ত কৃষক হিসেবে সরকারি গুদামে ধান সরবরাহ করলে প্রতি মণে ১২০ টাকা করে দাবি করেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আফসার উদ্দিন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আক্তারকে তিনি লোকজনের সামনে চড়-থাপ্পড় মারেন।
আক্তার হোসেন অভিযোগ করেন, তিনি বৃহস্পতিবার খাদ্যগুদামে ৮৫ মণ ধান নিয়ে আসেন। খাদ্যগুদাম কর্মকর্তা ধানগুলো ওজন না করে টালবাহানা শুরু করেন। পরে তাঁর ৭৫ মণ ধান ৯২০ টাকা হারে দাম নির্ধারণ করা হয়। এর মধ্যে তিনি (কর্মকর্তা) প্রতি মণে ১২০ টাকা হারে দাবি করেন। দাবি করা টাকা না পেয়ে তিনি আক্তার হোসেনের ব্যাংকের হিসাব থেকে টাকা উত্তোলন বন্ধ করে রাখেন।
গতকাল শুক্রবার আফসার উদ্দিন বলেন, ‘ঘুষ দাবির অভিযোগ সঠিক নয়। কৃষককে মারধরও করা হয়নি। বিরক্ত হয়েই তার সঙ্গে খারাপ আচরণ করেছি। কয়েক দিন ধরে সে ঝামেলা করছিল।’
লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আনোয়ার পারভেজ বলেন, ঘটনাটি কেউ তাঁকে জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।