ঘুষ নিতে গিয়ে ভূমি কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামজারি ও জমা খারিজের জন্য ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে একজন ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এস এম সুলতান আহমেদ ওই অফিসের সহকারী ভূমি কর্মকর্তা। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ দল তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, মো. নাসির উদ্দিন নামের এক ব্যক্তির একটি জমির নামজারি করার জন্য এস এম সুলতান আহমেদ পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে রাজি না হলে অর্থাৎ টাকা না দিলে নামজারি হবে না মর্মে জানিয়ে দেন। অনেক দেনদরবারের পর তিন লাখ টাকায় রফা হয়।
বৃহস্পতিবার ঘুষের প্রথম কিস্তি দেওয়ার কথা ছিল। নাসির উদ্দিন বিষয়টি দুদককে জানালে সব আইনি প্রক্রিয়া শেষে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ছয় সদস্যের একটি দল গঠন করা হয়। দলটি ভূমি অফিসের আশপাশে ওত পেতে থাকে এবং ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে এস এম সুলতান আহমেদকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ‘সুলতান আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি আমি জানি। দুর্নীতি দমনে আমরা নানাভাবে চেষ্টা করছি। তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
দুদক উপপরিচালক এস এম রফিকুল ইসলাম এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।