ঘুষ নিয়ে এনআইডি সংশোধন করায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নিজের বয়স ১২ বছর কমিয়ে দ্বিতীয়বার ভোটার হওয়ার অভিযোগে গোয়ালন্দ নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। জাকিরের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায়। তাঁর বাবার নাম আবদুল ওহাব।

এর আগেও জাতীয় পরিচয়পত্র নিয়ে অনিয়মের কারণে তিনজনকে বরখাস্ত করার ঘটনা ঘটেছিল। তবে কারও বিরুদ্ধে কমিশনের মামলার ঘটনা এটাই প্রথম।

রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, জাকিরের বিরুদ্ধে অভিযোগ দুটি। তিনি নিজে দুইবার ভোটার হয়েছেন এবং বিভিন্ন ব্যক্তির তথ্য সংশোধন করে ঘুষ নিয়েছেন। তিনি বলেন, ৪ আগস্ট জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনারের দপ্তর থেকে চিঠি আসে। সেদিন রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার হোসেন বাদী হয়ে গোয়ালন্দ থানায় মামলা করেন। কমিশনের সুপারিশ অনুযায়ী জাকিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ই-জোন এইচআরএম লিমিটেডের একটি প্রকল্পের অধীনে জাকিরকে চলতি বছর মার্চ মাসে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়। প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয় এই পদে দুজন করে নিয়োগ দেওয়া হয়। জাকিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের বয়স কমিয়ে দ্বিতীয়বার ভোটার হন। এ ছাড়া বয়সসহ বিভিন্ন তথ্য সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ নেন। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করার পর কমিশন থেকে নির্দেশনা আসে।

গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, জাকিরের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার তদন্তকাজ চলছে।