ঘুষ নিয়ে গ্রেপ্তার ৫৪ ধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার দাবিতে মুখলেছুর রহমান নামে সাভারের এক ব্যবসায়ীকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় জিম্মি রেখে মারধর করা হয়। অভিযোগ পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে মুখলেছুরকে উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকেও আটক করেন এসআই নাহিদ। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই দুজনকে ঘটনার দুই দিন পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখান এসআই নাহিদ।
মুখলেছুরের পরিবার ও সাভার মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, মুখলেছুরের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে। তিনি সাভারের বনপুকুরে জালালের বাড়িতে ভাড়া থেকে পোশাকের ব্যবসা করেন। ব্যবসাসংক্রান্ত লেনদেন নিয়ে মুখলেছুরের সঙ্গে তাঁর অংশীদারদের বিরোধ হয়। বিরোধের জের ধরে গত রোববার বিদ্যুৎ, জাহাঙ্গীরসহ কয়েকজন তাঁকে কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় আটক রেখে মারধর করতে থাকেন। খবর পেয়ে তাঁর স্ত্রী আকলিমা বেগম সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি থানায় লিপিবদ্ধ না করেই এসআই নাহিদ ওই দিন (রোববার) রাতে কোনাবাড়ী থেকে মুখলেছুরকে উদ্ধার করেন। এ সময় তিনি ঘটনাস্থল থেকে বিদ্যুৎ ও জাহাঙ্গীরকে আটক করে থানায় আনেন। তাঁদের দুই দিন থানাহাজতে আটকে রাখা হয়। মঙ্গলবার রাতে তাঁদের বিরুলিয়া এলাকা থেকে আটক করা হয়েছে উল্লেখ করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।
বিষয়টি ফাঁস হওয়ার পর এসআই নাহিদের সঙ্গে বুধবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রকৃত তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে এই প্রতিবেদকের কথোপকথন নিম্নে তুলে ধরা হলো:
—কেমন আছেন নাহিদ ভাই।
নাহিদ: ভালো দাদা।
—আচ্ছা, আপনার কাছে অপহরণের যে একটা অভিযোগ ছিল, তিনি উদ্ধার হয়েছেন কি?
নাহিদ: হ্যাঁ, উদ্ধার হয়েছে।
—ঘটনাটা কী?
নাহিদ: এক ব্যবসায়ীর (যাঁকে আটক রাখা হয়েছিল) মাধ্যমে কোনো এক প্রতিষ্ঠানের জিএমকে টাকা দিয়েছিলেন কতিপয় ব্যক্তি। সেই টাকার জন্য তাঁকে (ব্যবসায়ী) ওই প্রতিষ্ঠানে আটকে রাখা হয়েছিল। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি।
—প্রতিষ্ঠানটির নাম কী?
নাহিদ: এটা আমি বলতে পারব না।
—ওই ব্যবসায়ীর পরিচয় কী?
নাহিদ: না-না-না, নাম তো জানি না।
—নাম-পরিচয় পাব কার কাছে?
নাহিদ: আমার কাছে অভিযোগটা আছে, সেখানেই নাম-ঠিকানা আছে।
—অভিযোগটা আমি পেতে পারি কি?
নাহিদ: অভিযোগ তো থানায়।
—আমিও তো থানায়।
নাহিদ: আমি তো থানায় না। অভিযোগটা থানায় আমার ড্রয়ারে।
—ঘটনাস্থল কোথায়?
নাহিদ: গাজীপুরের কোনাবাড়ী এলাকার।
—অভিযোগটি থানায় মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে কি?
নাহিদ: ও রকম কিছু না।
—এ ঘটনায় কোনো আসামি ধরা হয়েছে কি?
নাহিদ: না-না-না।
—তাহলে বিদ্যুৎ ও জাহাঙ্গীর নামে যে দুজনকে আটক করেছিলেন, তাঁরা কারা?
নাহিদ: তাঁরা আসামি না, তাঁরা থানায় এসে মীমাংসা করেছেন।
—তাঁদের তো রোববার রাতে ঘটনাস্থল থেকেই আটক করে এনেছিলেন।
নাহিদ: ওদের আটক ব্যক্তির সঙ্গে ঘটনাস্থলে পাওয়া গেছে।
—তাহলে তাঁদের (বিদ্যুৎ ও জাহাঙ্গীর) মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠালেন কেন?
নাহিদ: আপনি সেকে স্যারের (এসআই মোল্লা সোহেব আলী) সঙ্গে কথা বলেন। তিনি সব জানেন।
—আপনি তো মোটা অঙ্কের টাকার বিনিময়ে আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা না নিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছেন।
নাহিদ: হা-হা-হা (হাসি)।
এর পর থেকে তিনি (নাহিদ) প্রতিবেদনটি প্রকাশ না করার জন্য তদবির করতে থাকেন। এমনকি এই প্রতিবেদককে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেন তাঁর এক সহকর্মীর মাধ্যমে।
এসব কথোপকথনের পর এসআই মোল্লা সোহেব আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেন, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।