যশোরের কেশবপুরে ঘুষ নিয়ে মাদ্রাসায় দপ্তরি নিয়োগের অভিযোগ উঠেছে। নিয়োগবঞ্চিত চারজন ইউএনওকে দেওয়া লিখিত অভিযোগে বলেছেন, মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১২ লাখ টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন। আর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলছেন, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জামায়াতের কর্মী।
কেশবপুর সদর ইউনিয়নের এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসা। স্থানীয় মূলগ্রামের বাসিন্দা আনিছুর রহমান গত ২৮ জানুয়ারি এই মাদ্রাসায় এমএলএসএস (দপ্তরি) হিসেবে নিয়োগ পান।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে ৬ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন নিয়োগবঞ্চিত চার প্রার্থী মো. আবু মুছা, মো. মহব্বত আলী, মো. উবায়দুল ইসলাম ও শরিফুল ইসলাম। জানতে চাইলে ইউএনও শরীফ রায়হান কবির প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’
ওই লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, দারুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি পদে রয়েছেন স্থানীয় কেশবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। নিয়োগে এই ঘুষ লেনদেনে তাঁর পাশাপাশি অধ্যক্ষ আলাউদ্দীনও জড়িত।
নিয়োগবঞ্চিত উবায়দুল ইসলাম বলেন, তাঁর পরীক্ষা ভালো হওয়ায় তিনি চাকরি বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু ১২ লাখ টাকা ঘুষের বিনিময়ে সেই চাকরি অন্যের হয়ে গেল।
কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিমাই দাস অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার ১২ লাখ টাকা ঘুষ নিয়ে ওই নিয়োগ দিয়েছেন। আবার যাঁকে নিয়োগ দিয়েছেন, তিনি জামায়াতের সক্রিয় কর্মী। নিয়োগ পাওয়া আনিছুর ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে গাছ কেটে সড়ক অবরোধ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মারধর করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।
তবে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যাঁরা নিয়োগ পাননি, তাঁরা এসব অভিযোগ করছেন। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, নিয়োগ পাওয়া আনিছুর রহমান জামায়াত করেন কি না, তা তিনি জানেন না।