ঘুষ নেওয়ার মামলায় এসআই জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক লাখ টাকা ঘুষ নেওয়ার একটি মামলায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ওই এসআইয়ের নাম মোশাররফ হোসেন। তিনি বর্তমানে গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (এসআই) কর্মরত।
মোশাররফের বাড়ি খুলনার িদঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামে। ২০১০ সালে তিনি বাগেরহাট মডেল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে করা ওই মামলার বাদী জায়েদা বেগম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে একটি আবাসিক হোটেল পরিচালনা করেন।
আদালতে পেশ করা মামলার আরজিতে জায়েদা বলেন, ২০১০ সালের ৩১ মার্চ রাতে মোশাররফ হোসেন পুলিশ নিয়ে তাঁর হোটেলে যান। সেখানে তিনি বাদীর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করে না পেয়ে তাঁকে এবং ঢাকা থেকে আসা হোসেন খাঁ নামের একজন বোর্ডারকে হয়রানি করতে থানায় নিয়ে আসেন। পরদিন তাঁদের একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান।
বাদী আরজিতে বলেন, মুক্তি পেয়ে তাঁরা ফিরে এলে মোশাররফ হোসেন আবার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে দেখা করে তাঁদের মামলা থেকে অব্যাহতি দিতে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাঁর দাবি পরিশোধ করা হলে তিনি বাদী ও ওই বোর্ডারকে নির্দোষ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এরপর মোশাররফ আবারও বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ঘুষ দাবি করেন। বাদী বিষয়টি বাগেরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। প্রতিকার না পেয়ে ২০১০ সালের ২৭ এপ্রিল বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনালে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেন।
জায়েদার আইনজীবী মো. নূর মোহম্মদ বলেন, আদালত মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগটি আমলে নিয়ে ঘুষের বিষয়টি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠান। দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন অভিযোগ তদন্ত করে ‘ঘটনার সত্যতা মেলেনি’ মর্মে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করেন। তবে এসআই মোশাররফের সার্বিক গতিবিধি বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের পৃথক তদন্তে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা উঠে আসে। ওই প্রতিবেদনের অনুলিপি এ মামলার নথিতে সংযুক্ত আছে। এ অবস্থায় আদালত ঘটনার পূর্বাপর বিবেচনা করে স্বতঃপ্রণোদিত হয়ে বাদীর অভিযোগটি গ্রহণ করেন এবং ওই পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
আইনজীবী নূর মোহম্মদ বলেন, দুই বছর ধরে একের পর এক ধার্য তারিখে এসআই মোশাররফ আদালতে উপস্থিত না হয়ে আদালতের কার্যক্রম বিঘ্নিত করেন। উপস্থিত না হতে দুবার তিনি অসুস্থতার কারণ দেখান। চলতি বছরের ১৪ এপ্রিল আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল না হওয়ায় ৩ সেপ্টেম্বর আদালত তাঁর বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করেন। গেজেট জারির পর গতকাল দুপুরে মোশাররফ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলেই তাঁকে বাগেরহাট কারাগারে নেওয়া হয়।