ঘুষ নেওয়ার সময় নওগাঁর মৎস্য কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় নওগাঁর জেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লাহকে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাতেনাতে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক খায়রুল হুদার নেতৃত্বে দুদকের একটি দল ফাঁদে ফেলে তাঁকে আটক করে।
খায়রুল হুদা রাত সাড়ে আটটার দিকে নওগাঁ সদর থানায় সাংবাদিকদের বলেন, নওগাঁর মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মাহফুজার রহমান তাঁর ভবিষ্য-তহবিলের টাকা উত্তোলনের জন্য সম্প্রতি জেলা মৎস্য কর্মকর্তার কাছে আবেদন করেন। কিন্তু মৎস্য কর্মকর্তা ওই আবেদন তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে তিন-চার দিন মৎস্য কর্মকর্তার কাছে যাওয়ার পরও আবেদনটি না ছাড়লে খামার ব্যবস্থাপক মাহফুজার রহমান দুদকের কাছে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর নেতৃত্বে দুদকের সাদাপোশাকধারী একটি টিম গতকাল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যায়।
এ সময় খামার ব্যবস্থাপক মাহফুজার রহমান তাঁর আবেদনটি ছাড়ানোর জন্য মৎস্য কর্মকর্তার অফিসে গেলে মৎস্য কর্মকর্তা তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। খামার ব্যবস্থাপক এক হাজার টাকার ১০টি নোট দেওয়ার সময় দুদকের অনুসন্ধানী দল সেখানে প্রবেশ করে জেলা মৎস্য কর্মকর্তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে দুদক কর্মকর্তারা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লাহকে আটক করে থানায় সোপর্দ করেন।
সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে দুদকের উপপরিচালক খায়রুল হুদা বাদী হয়ে সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণের দায়ে মামলা দায়ের করেন।