ঘুষ নেওয়ার অভিযোগ, দুই পুলিশ সদস্য বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানার একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার রাতে তাঁদের বরখাস্ত করা হয় বলে পুলিশ সূত্র জানায়।
ওই দুই পুলিশ সদস্য হলেন, এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার রহমান।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে একটা ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে ৪৫টি পাসপোর্টসহ তিনজনকে আটক করেন এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। ওই তিনজনকে থানায় আনা হয়। পরে তিন লাখ টাকার বিনিময়ে আটক ব্যক্তিদের পাসপোর্টসহ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই দুই পুলিশ সদস্য। প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা ৭৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান। পরে সোয়া দুই লাখ টাকা দিয়ে পাসপোর্টগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের তেজগাঁও বিভাগ ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে।