ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষককে অব্যাহতি
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট তোছাদ্দেক আলীর বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগে তাঁকে গত ২৩ অক্টোবর মাদ্রাসা সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষক সূত্রে জানা গেছে, এ বছরের ১৮ মার্চ এক শিক্ষিকাকে অপহরণের ঘটনায় মাদ্রাসার সুপার আতাউর রহমানের বিরুদ্ধে মামলা হয়। পরে তিনি দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকায় গত ৩ এপ্রিল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর সহকারী শিক্ষক তোছাদ্দেক আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়। মাদ্রাসাটিতে ৩১৫ জন শিক্ষার্থী আছে। শিক্ষক-কর্মচারীর ১৭টি পদের মধ্যে দপ্তরি ও শরীরচর্চা শিক্ষকের পদ আট-নয় মাস ধরে শূন্য। তোছাদ্দেক দায়িত্ব গ্রহণের পর ওই দুই পদে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দপ্তরি পদে সাতজন ও শরীরচর্চা পদে চারজন আবেদন করেন।
উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আবুল কালাম অভিযোগ করে বলেন, ‘আবেদন করার পর দপ্তরি পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে তোছাদ্দেক এক লাখ ৩১ হাজার টাকা নেন। পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। ওই পদে নিয়োগ দেওয়ার কথা বলে অন্য দুই প্রার্থীর কাছ থেকেও তোছাদ্দেক টাকা নেন। বিষয়টি জানার পর তোছাদ্দেকের কাছে টাকা ফেরত চাই। না দিলে পরিচালনা কমিটির কাছে অভিযোগ দেই।’
মাদ্রাসাপাড়া গ্রামের মোরছালিন হোসেন অভিযোগ করেন, তাঁর কাছ থেকেও তোছাদ্দেক পাঁচ লাখ ১৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন। দপ্তরি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি স্ট্যাম্পে স্বাক্ষর করে ওই টাকা নেন। একই গ্রামের মমিনুল ইসলাম ও জাহেদুল ইসলাম জানান, মোরছালিন তাঁদের কাছে জমি বন্ধক রেখে তোছাদ্দেককে ওই টাকা দিয়েছেন। তাঁদের উপস্থিতিতেই তোছাদ্দেককে ওই টাকা দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব হোসেন বলেন, ‘তোছাদ্দেকের বিরুদ্ধে দুই প্রার্থী ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। এ কারণে তাঁকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব থেকে গত ২৩ অক্টোবর অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে।’
এ ব্যাপারে তোছাদ্দেক বলেন, ‘ভাই, আমি সব প্রার্থীর কাছ থেকে টাকা নিইনি। একজন প্রার্থী কিছু টাকা দিয়ে কৌশলে স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিয়েছেন। সেই টাকা দিয়ে আমি মাদ্রাসার উন্নয়নের কাজ করেছি। এখন ভাবছি, ওই প্রার্থীর টাকা ফেরত দেব।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, ‘তোছাদ্দেককে সুপারের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর করা একটি পত্র গত ২৮ অক্টোবর পেয়েছি। দুর্নীতির অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়ার কথা ওই পত্রে দেখেছি।’