ঘুষ নেওয়ার অভিযোগে কাস্টমসের কর্মকর্তা আটক!
সাতক্ষীরার আশাশুনির একটি মিষ্টির দোকান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলা সদরের স্বপন সুইটস থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে আটক করা হয়।
আটক সহকারী রাজস্ব কর্মকর্তার নাম আহছান উল্লাহ (৪০)। তিনি শেরপুর জেলার চরশ্রীপুর গ্রামের বাসিন্দা এবং সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
স্বপন সুইটসের মালিক স্বপন বিশ্বাস জানান, তিনি বছরে ভ্যাট দিয়ে থাকেন ২ হাজার ৪০০ টাকা। ভ্যাট বাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা আহছান উল্লাহ তাঁর কাছ থেকে এর আগে মে ও জুন মাসে দুই দফায় সাত হাজার টাকা নিয়েছেন। গতকাল আবার এসে টাকা দাবি করলে তিনি স্থানীয় বাজার কমিটির সদস্যদের বলেন। এক হাজার টাকা দেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।
সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহছান উল্লাহ অবশ্য ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, ভ্যাট আদায় করতে এসেছিলেন। এ সময় তাঁর সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে ভুয়া উল্লেখ করে তাঁকে থানায় দিয়েছেন কয়েকজন।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, উপজেলা সদরের স্বপন সুইটস থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহণকালে স্থানীয় জনতা সাতক্ষীরা কাস্টমসের ভুয়া সহকারী রাজস্ব কর্মকর্তা আহছান উল্লাহকে আটক করে। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। খোঁজ নিয়ে জানা গেছে তিনি ভুয়া নন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।