ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেপ্তার হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রমতে, দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা জব্দ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান কয়েক দিন আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১০টি বিদ্যালয় পরিদর্শন করেন। পরে ঢাকায় এসে ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ফোনে জানান, প্রত্যেক শিক্ষকের এক মাসের বেতন হিসাব করে মোট টাকা দিতে হবে, না হয় ‘খারাপ’ প্রতিবেদন দেওয়া হবে। ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ভয়ে ঢাকায় এসে টাকা দিতে শুরু করেন। ওই কর্মকর্তা নিজের অফিসে না বসে ঢাকার বিভিন্ন এলাকায় বসে এই টাকা আদায় করেন। এর ধারাবাহিকতায় গতকাল একটি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা করেন। খবর পেয়ে রাজধানীর পলওয়েল মার্কেট থেকে হাতেনাতে ওই কর্মকর্তাকে আটক করেন দুদকের কর্মকর্তারা। তাঁকে পল্টন থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেছে দুদক।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, টাকা আদায়ের বিষয়টি জানতে পেরে অনেকটা ফাঁদ পেতে এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ডিআইএর কর্মকর্তাদের বিরুদ্ধে পরিদর্শনের নামে ঘুষ আদায় নতুন ঘটনা নয়। এর আগেও এই অধিদপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী তাঁর অধীন কর্মকর্তাদের কাছে লেখা এক নোটে (নির্দেশনা) নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তরের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেন।