ঘুষ নেওয়ার সময় সেটেলমেন্ট কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষের টাকা নেওয়ার সময় বাগেরহাটের চিতলমারী উপজেলার সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার খুলনা নগরের নিউমার্কেট এলাকায় টাকা লেনদেনের সময় দুদক তাঁদের হাতেনাতে ধরে ফেলে।
ওই সেটেলমেন্ট কর্মকর্তার নাম শফিউল আলম। গ্রেপ্তার হওয়া অপরজন হলেন তাঁরই অফিস সহায়ক (চেইনম্যান) দোস্ত মো. বুলবুল।
দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিদর্শক শ্যামল কুমার বলেন, সাতক্ষীরার তালা উপজেলার এক খণ্ড জমি নিয়ে সেখানকার সেটেলমেন্ট অফিসে কেস চলছিল। ওই কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল শফিউল আলমের ওপর। তিনি জমির কেসের রায় ওই ব্যক্তির পক্ষে করিয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। ঘটনার সময় ওই ব্যক্তি শফিউল আলমকে ২০ হাজার টাকা দেন। পরে টাকাসহ শফিউল ও তাঁর সহকারীকে আটক করা হয়।
দুদক কর্মকর্তা শ্যামল বলেন, শফিউলকে তল্লাশি করে তাঁর কাছ থেকে মোট ৫৭ হাজার টাকা পাওয়া গেছে বলে তিনি জানান। বিভিন্ন মানুষের কাছ থেকে ওই টাকা ঘুষ বাবদ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
শ্যামল কুমার বলেন, যে ব্যক্তির কাছে ঘুষ চাওয়া হয়েছিল, ওই ব্যক্তি দুদকের কাছে ব্যাপারটি জানান। এরপর ঘুষ দেওয়ার সময় দুদক দল আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। টাকা দেওয়ার পর হাতেনাতে তাঁকে আটক করা হয়।
শফিউল ও তাঁর সহযোগীর বিরুদ্ধে দুদক থেকে অভিযোগ দাখিল করে নগরের সোনাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে বলে জানান শ্যামল কুমার।
অভিযানে দুদক খুলনা কার্যালয়ের পরিচালক আবুল হাসান, সহকারী পরিচালক মাহতাব উদ্দীন, উপসহকারী পরিচালক মোশারফ হোসেন, সহকারী পরিদর্শক শ্যামল কুমার, উপপরিদর্শক মো. মনিরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।