শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর মো. হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মো. নুর নবী ও মো. ফিরোজকে আটক করা হয়েছে। পরে শিক্ষকদের টাকা শিক্ষকদের ফেরত দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার বন্ধের দিন অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ. কুদদূস। ইউএনও বলেন, উপজেলার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষকের কাছ থেকে টাইম স্কেল ও বর্ধিত বেতন নির্ধারণ (ফিক্সেশন) করে দেওয়ার কথা বলে মো. হোসেন, মো. নুর নবী ও মো. ফিরোজ ৪ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন। এই কাজে সহায়তা করেছেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাওয়া আরেক শিক্ষক অরবিন্দু দে। তবে তাঁকে পাওয়া যায়নি।
ইউএনও বলেন, তিনি গত বৃহস্পতিবার বিকেলে (জন্মাষ্টমীর সরকারি ছুটির দিন) রং-মিস্ত্রির কাজ দেখতে উপজেলা কার্যালয়ে যান। তখন কার্যালয়ের নিচতলায় হিসাবরক্ষণ অফিসে দরজা বন্ধ করে মো. হোসেন কাজ করছিলেন। তাঁকে দেখে মো হোসেন কম্পিউটার কক্ষের বাইরে থেকেও ছিটকিনি লাগিয়ে দেন। সন্দেহবশত তিনি তাঁর অফিসের দুই কর্মীকে নিয়ে কম্পিউটার কক্ষে ঢোকেন। মো. নুর নবী ও মো. ফিরোজকে কাজ করতে দেখেন। বন্ধের দিন তাঁরা কী কাজ করছেন, প্রশ্ন করলে উত্তরে অসংগতি দেখা দিলে তিনি তাঁদের আটক করেন।
ইউএনও বলেন, খবর পেয়ে শিক্ষকনেতা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত হন। সবার সামনে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষকেরা প্রকৃত ঘটনা বর্ণনা করেন। তাঁরা স্বীকার করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষকের কাছ থেকে ৫ হাজার টাকা করে ৪ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন। পরে সবার অনুরোধে অপরাধীরা আগামী ৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে সব শিক্ষককে টাকা ফেরত দেবেন, এই মর্মে স্ট্যাম্পে লিখিত মুচলেকা দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শিক্ষক মো. নুর নবী ও ফিরোজ বলেন, তাঁরা ৯টি ইউনিয়নের ৮৫টি বিদ্যালয় থেকে টাকাগুলো তুলেছেন। ইউনিয়নের দায়িত্বে ছিলেন শিক্ষক জাহাঙ্গীর, সুবোধ বাবু, কানু লাল দে, আজাদ, আলমগীর, মিলননাথ, মজনুসহ তাঁরা দুজন। এ কাজের প্রধান দায়িত্বে ছিলেন অরবিন্দু দে ও নুর নবী।
শিক্ষকেরা বলেন, সংগ্রহ করা টাকার মধ্যে অডিটরকে জনপ্রতি ৫০০ টাকা করে ৪২ হাজার ৫০০ টাকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী সমর চন্দ্রকে জনপ্রতি ৩০০ টাকা করে ২৫ হাজার ৫০০ টাকা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল ইসলামকে ২০০ টাকা করে ১৭ হাজার টাকা এবং একই অফিসের আজাদকে জনপ্রতি ১০০ টাকা করে ৮ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
মো. হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, অন্য এক কর্মকর্তা জড়িত।
সমর চন্দ্র বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে তাঁদের সব করতে হয়। তাঁদের কিছু বলার স্বাধীনতা নেই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।