ঘুষি মেরে প্রধান শিক্ষককে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলায় ইব্রাহীম খলিল (৫৮) নামের এক শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গালিমপুর ইউনিয়নের ধনিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম বরুড়া উপজেলার ধনিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনের সঙ্গে ইব্রাহীমের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগামী মঙ্গলবার স্থানীয়ভাবে সালিসে বসার কথা ছিল। তবে তার আগেই আজ ওই জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ইব্রাহীমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের একজন ইব্রাহীমকে ঘুষি মারেন। এতে ইব্রাহীম মাটিতে লুটে পড়েন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ইব্রাহীমের ছেলে সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় মামলা করব।’
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।