ঘুষের অভিযোগ তদন্ত করতে এসে জেলা খাদ্য নিয়ন্ত্রক লাঞ্ছিত
ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করতে এসে আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা ও তাঁর ভাড়াটে লোকজনের হাতে লাঞ্ছিত হয়েছেন বরগুনা জেলা খাদ্য কর্মকর্তা (খাদ্য নিয়ন্ত্রক) মো. শহিদুল ইসলাম। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবরুদ্ধ করে রাখা হলে আমতলী থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।
আমতলী উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এ বছর বরগুনা জেলায় ১ হাজার ৬৬ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে আমতলী উপজেলায় ৫৪৪ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার জন্য উপজেলার গাজী রাইস মিল ও রুমানা রাইস মিল নামের দুটি চালকলের সঙ্গে চুক্তি করে জেলা খাদ্য বিভাগ। ৩৩ টাকা কেজি দরে গাজী রাইস মিল ৩০০ মেট্রিক টন ও রুমানা রাইস মিলের ২৫৪ মেট্রিক টন চাল আমতলী উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করার কথা রয়েছে। ইতিমধ্যে গাজী রাইস মিল ৯০ মেট্রিক টন ও রুমানা রাইস মিল ১২০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে। এ চাল সংগ্রহ অভিযান দেখাশোনা করছেন আমতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মজিবুর রহমান।
গাজী রাইস মিলের মালিক আনোয়ার গাজী অভিযোগ করেন, মজিবুর রহমান তাঁর কাছে আমন সংগ্রহ অভিযানে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। তাঁর দাবি অনুযায়ী ঘুষের টাকা পরিশোধ করার পরও তিনি আরও ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে তিনি (আনোয়ার গাজী) বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আনোয়ার গাজীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিষয়টি তদন্ত করতে আমতলীতে যান। বেলা তিনটার দিকে তিনি আমতলী খাদ্য গুদামে গিয়ে মজিবুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মজিবুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁর ভাড়াটে লোকজন মিলে জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলামকে লাঞ্ছিত করেন এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসকক্ষে তাঁকে (জেলা খাদ্য নিয়ন্ত্রক) আটকে রাখেন।
খবর পেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ ঘটনাস্থলে যান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও তার ভাড়াটে লোকজন পালিয়ে যান।
মজিবুর রহমান ঘুষ দাবি ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আনোয়ার গাজীর ৩৫ মেট্রিক টন চালের টাকা বুধবার পরিশোধ করেছি। ৮ মেট্রিক টন চালের টাকা পরিশোধ করিনি। এতে ক্ষিপ্ত হয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক আমাকে গালাগাল করেন।’ কেন টাকা পরিশোধ করেননি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু জটিলতা থাকায় আগামী রোববার পরিশোধের কথা বলেছিলাম।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, ‘গাজী রাইস মিলের মালিক মো. আনোয়ার গাজীর কাছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজিবুর রহমান ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ অভিযোগ তদন্ত করতে এসে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মজিবুর রহমান ক্ষিপ্ত হন এবং তিনি ও তাঁর ভাড়াটে লোকজন আমাকে লাঞ্ছিত করেন। এরপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসরুমে আটকে রাখেন।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রককে উদ্ধার করেছি।’
বরগুনা জেলায় এবার আমন মৌসুমে ১ হাজার ৬৬ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য নয়টি চালকলের সঙ্গে চুক্তি করে জেলা খাদ্য বিভাগ। কিন্তু এসব চালকলের আটটিরই চাল উৎপাদনের সক্ষমতা নেই। অভিযোগ আছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক চাল সংগ্রহ নীতিমালা লঙ্ঘন করে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে এসব চালকলের সঙ্গে চুক্তি করেছেন।
এ নিয়ে প্রথম আলোয় ৬ জানুয়ারি ‘বরগুনায় আমনের চাল সংগ্রহ: নামসর্বস্ব চালকলের সঙ্গে আবারও চুক্তি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।