ঘুষের কিস্তি নিতে গিয়ে দুদকের ফাঁদে
ফাঁদ পেতে একজন সার্ভেয়ারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমানকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানিয়েছে, ওই সার্ভেয়ারের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় একজন ব্যক্তি তাঁর মালিকানাধীন জমির নামজারি ও জমা খারিজ করার জন্য ওই কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি স্থানীয় দুদক কার্যালয়কে লিখিতভাবে অবহিত করলে কমিশনের পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংস্থার বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ দল গঠন করে।
দলটি আজ সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের আশপাশে ওত পেতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ঘুষের প্রথম কিস্তি বাবদ সাড়ে চার হাজার টাকা গ্রহণ করেন। ওই সময় দুদকের দলটি তাঁকে হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে।
দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম গ্রেপ্তার মিজানুর রহমানকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা করেন ( মামলা নম্বর ০৫)।