ঘুষের টাকা নিয়ে ধরা পড়লেন সার্ভেয়ার
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমান। গতকাল বুধবার উপজেলা ভূমি কার্যালয় থেকে ঘুষের চার হাজার টাকাসহ তাঁকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় করা মামলা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ার বাসিন্দা পিয়াল চক্রবর্তীর নন্দীগ্রাম পৌর এলাকার আলাইপুর মৌজায় তিন শতক জমি রয়েছে। ওই জমি নামজারি করতে ৫ সেপ্টেম্বর নন্দীগ্রাম ভূমি কার্যালয়ে যান পিয়াল বক্রবর্তী। কাগজপত্র সঠিক থাকার পরও সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো মিজানুর রহমান ছয় হাজার টাকা ঘুষ দাবি করেন। দফারফার পর সাড়ে চার হাজার টাকায় কাজ করতে রাজি হন মিজানুর। সেই মোতাবেক ওই দিনই ৫০০ টাকা ঘুষ নেন তিনি। বাকি টাকা বুধবারের মধ্যে নিয়ে আসতে বলেন। পরে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করেন পিয়াল চক্রবর্তী।
অভিযোগ পেয়ে অভিযানে নামেন দুদকের কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন দুদকের উপসহকারী পরিচালক মাহফুজ ইকবাল। তিনি বলেন, গতকাল মিজানুর রহমানকে ঘুষের চার হাজার টাকা দেওয়ার কথা ছিল। পিয়াল চক্রবর্তীকে দিয়ে ফাঁদ পাতা হয়। তিনি টাকা দিতে নন্দীগ্রাম ভূমি কার্যালয়ে আসেন। টাকা নেওয়ার পরপরই মিজানুরকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি আবদুল রাজ্জাক বলেন, এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।