ঘুষের টাকা নিয়ে বিপাকে অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ

প্রতিষ্ঠান সরকারি হবে—এ জন্য বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে। এই ঘুষের জন্য শিক্ষকদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে এখন বিপাকে পড়েছেন রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোরিন সুলতানা।

আজ শুক্রবার সকালে এ নিয়ে কলেজে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় স্থানীয় সাংসদ হাজি মো. সেলিমকেও।

গত বছরের ৭ সেপ্টেম্বর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রতিষ্ঠানটি সরকারি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একসময় ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

সরকারি করার ঘোষণার পর এ বছরের শুরু থেকে স্কুলটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। আগে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ওই স্কুলের বেতন ৩০০ টাকা ছিল। এখন সরকারি হিসেবে ওখানে বেতন কম নেওয়া শুরু হয়। বর্তমানে এখনকার বেতন প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪ টাকা এবং ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২ টাকা।
শিক্ষার্থীদের বেতন কমিয়ে নেওয়া শুরু হলেও ওখানকার শিক্ষক-কর্মচারীরা সরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে এখনো নিয়োগ পাননি। তাঁরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মী হিসেবে বেতনের টাকা পাচ্ছেন। স্কুল ফান্ড থেকে থেকে আগে বেতন হিসেবে যে টাকা পেতেন, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া বন্ধ করায় সাত মাস ধরে সেই টাকা তাঁরা পাচ্ছেন না। এতে আর্থিক সংকটে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক।
শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি হতে দেরি হওয়ার কারণে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্য শিক্ষকেরা মিলে সরকারি দপ্তরে ঘুষ দিয়ে দ্রুত কাজ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ উদ্দেশ্যে তাঁরা একটি তহবিল সংগ্রহ করেন।
গত বছরের শেষ দিকে কলেজ শাখার শিক্ষকেরা ১৫ হাজার, স্কুল শাখার শিক্ষকেরা ১০ হাজার এবং কর্মচারীরা ৫ হাজার টাকা করে দেন। প্রায় ১০০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর দেওয়া টাকা মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোরিন সুলতানা দাবি করেন, শিক্ষক এবং স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ম্যানেজিং কমিটি) সম্মিলিতভাবে ঘুষের এই টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এলাকার তত্কালীন সাংসদ মুস্তাফা জালাল মহিউদ্দিনও এ বিষয়ে অনুমোদন দিয়েছিলেন।
তবে মোস্তফা জালাল মহিউদ্দিন আজ প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
দীর্ঘ সাত মাস ধরে বেতন-ভাতা না পাওয়া এবং চাকরি সরকারি হওয়ার বিষয়ে কোনো অগ্রগতি না দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষকেরা। এ নিয়ে আজ শুক্রবার সকালে স্কুলে আসেন শিক্ষকেরা। তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে টাকা ফেরত চান। অধ্যক্ষ জমা নেওয়া টাকার একটি বড় অংশ তদবির করার কাজে (ঘুষ হিসেবে) খরচ হয়ে গেছে দাবি করেন। তিনি শিক্ষকদের জমা দেওয়া টাকার ৪০ থেকে ৫০ শতাংশ ফেরত দিতে সম্মত হন। কিন্তু শিক্ষকেরা পুরো অর্থ দাবি করলে স্কুলের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে দুপুরে সেখানে আসেন স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম। শিক্ষকদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি দাবি করেন, তিনি একা কোনো সিদ্ধান্ত নেননি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শিক্ষকদের পরামর্শেই সেটা করেছেন।
সব শুনে হাজি সেলিম শিক্ষক-কর্মচারীদের পুরো টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষকে। পাশাপাশি তিনি অধ্যক্ষকে দায়িত্ব ছেড়ে দিতে বলেন। তবে অধ্যক্ষ দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানান।
হাজি সেলিম বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দীর্ঘসূত্রতা এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতির বিষয়টি দুঃখজনক।
স্কুলের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ঘোষণা হওয়ার আগে যে ব্যবস্থাপনা কমিটি ছিল, তার কয়েকজন সদস্য শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ে যুক্ত। এ ছাড়াও অস্থায়ী কয়েকজন কর্মীর কাছ থেকে চাকরি স্থায়ী করার জন্য ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য ৩ থেকে ৫ লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষক-কর্মচারী। বৈঠক শেষে ওই অভিযোগে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও লালবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে স্কুলের সামনেই লাঞ্ছিত করেন কয়েকজন কর্মী।