‘প্রতিষ্ঠান সরকারি হবে, এ জন্য বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে’—এই ঘুষ দেওয়ার জন্য শিক্ষকদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে এখন বিপাকে পড়েছেন রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোরিন সুলতানা।
এ ছাড়া অস্থায়ী কয়েকজন কর্মীর কাছ থেকে চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়ে ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য একেকজনের কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন কর্মী। এ নিয়ে বিক্ষুব্ধ কর্মচারীরা গতকাল শুক্রবার দুপুরে স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও লালবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে (হাজি দেলোয়ার) লাঞ্ছিত করেন।
অবশ্য এ নিয়ে গতকাল সকালে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে সেখানে যান স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম।
এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রতিষ্ঠানটি সরকারি করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একসময় এ স্কুলের শিক্ষার্থী ছিলেন। এরপর চলতি বছরের শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এ স্কুলের শিক্ষার্থীদের বেতন ৩০০ টাকা ছিল। এখন সরকারি হিসেবে বেতন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার টাকা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২ টাকা। কিন্তু শিক্ষক-কর্মচারীরা এখনো সরকারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিয়োগ পাননি। তাঁরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মী হিসেবে বেতনের টাকা পাচ্ছেন। স্কুল ফান্ড থেকে থেকে আগে বেতন হিসেবে যে টাকা পেতেন, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন অনেক কম নেওয়ায় সাত মাস ধরে সেই টাকাও পাচ্ছেন না।
শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরি সরকারি হতে দেরি হওয়ার কারণে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্য শিক্ষকেরা মিলে সরকারি দপ্তরে ঘুষ দিয়ে দ্রুত কাজ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ উদ্দেশ্যে তাঁরা একটি তহবিল সংগ্রহ করেন।
গত বছরের শেষ দিকে কলেজ শাখার শিক্ষকেরা জনপ্রতি ১৫ হাজার, স্কুল শাখার শিক্ষকেরা ১০ হাজার এবং কর্মচারীরা পাঁচ হাজার টাকা করে দেন। প্রায় ১০০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর দেওয়া টাকা মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোরিন সুলতানা দাবি করেন, শিক্ষক ও স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ম্যানেজিং কমিটি) সম্মিলিতভাবে ঘুষের এই টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এলাকার তৎকালীন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনও বিষয়টি জানেন।
তবে মোস্তফা জালাল মহিউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
কিন্তু এত দিনে চাকরি সরকারি হওয়ার বিষয়ে কোনো অগ্রগতি না দেখে ক্ষুব্ধ শিক্ষকেরা গতকাল সকালে স্কুলে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে টাকা ফেরত চান। কিন্তু অধ্যক্ষ তাঁদের জানান, টাকার একটি বড় অংশ তদবিরের কাজে (ঘুষ হিসেবে) খরচ হয়ে গেছে। তাই তিনি শিক্ষকদের জমা পড়া টাকার ৪০ থেকে ৫০ শতাংশ ফেরত দিতে সম্মত হন। কিন্তু শিক্ষকেরা পুরো টাকা দাবি করলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে দুপুরে সেখানে আসেন স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম। শিক্ষকদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হাজি সেলিম শিক্ষক-কর্মচারীদের পুরো টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষকে। তিনি অধ্যক্ষকে দায়িত্ব ছেড়ে দিতে বলেন। তবে অধ্যক্ষ দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানান।
হাজি সেলিম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দীর্ঘসূত্রতা ও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতির বিষয়টি দুঃখজনক।