ঘুষের টাকার জন্য হাটের মধ্যে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ঘুষের আট লাখ টাকা আদায় করতে আমিরুল ইসলাম (৪৩) নামের একজন স্কুলশিক্ষককে হাটের মধ্যে মারধর করে আহত করা হয়েছে। ওই শিক্ষকের চাকরির জন্য তদবিরকারী বলে নিজেদের দাবি করা ফারুক হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটান। ফারুক গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্‌ নেওয়াজ আলীর ছোট ভাই।

খবর পেয়ে ওই শিক্ষকের স্বজনেরা শনিবার রাত ১০টার দিকে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিত শিক্ষক আমিরুল উপজেলার চাঁচকৈড় খলিফপাড়া মহল্লার বাসিন্দা ও খলিফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

শনিবার রাত আটটার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের চার রাস্তার মোড়ে তাঁকে মারধর করা হয়। এ দিন সাপ্তাহিক হাট থাকায় বহু লোকজনের সামনেই এ নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ ওই শিক্ষককে রক্ষায় এগিয়ে আসেননি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্যাতনের ঘটনার সময় চারজন ছিলেন। সবাই বখে যাওয়া। এঁদের একজন মেয়র শাহ নেওয়াজের ভাই। বাকিরাও প্রভাবশালী পরিবারের সন্তান।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক বলেন, তাঁর বড় ভাইয়ের ছেলে ফেতের আলী ঢাকার খামারবাড়িতে পিয়ন পদে চাকরির আবেদন করেছিলেন। উপজেলার খুবজীপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সুমন চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কিছু টাকা নিয়েছিলেন। ফেতের আলী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সুমন সাড়ে ৮ লাখ টাকা দাবি করেন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। তারপরও একটি গরু বিক্রি করে ৫০ হাজার টাকা পরিশোধ করে পরিবারটি। বাকি টাকা আদায়ে সরকারি দলের প্রভাবশালী নেতার ছোট ভাই ও তাঁর সহযোগীদের শরণাপন্ন হন সুমন। এরই জের ধরে শনিবার প্রকাশ্যে তাঁকে নির্যাতন করা হয়।

সুমন মুঠোফোনে বলেন, ফেতের আলীকে লিখিত পরীক্ষায় টেকাতে তাঁর অনেক টাকা ব্যয় হয়েছে। এখন টাকা পরিশোধ করতে টালবাহানা করছেন ফেতের আলী। তাই টাকা তুলতে তিনি প্রভাবশালীদের সহায়তা নিয়েছেন।

তবে ফেতের আলী জানান, তাঁকে জিম্মি করে প্রবেশপত্র হাতিয়ে নিয়েছিলেন সুমন। পরে ২৫ হাজার টাকা তাঁকে দিয়ে প্রবেশপত্র ফিরিয়ে নেওয়া হয়। পরে লিখিত পরীক্ষায় টিকে যাওয়ায় এখন আট লাখ টাকা দাবি করছেন।

পৌর মেয়র বলেন, এ টাকা নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার দেনদরবারও হয়েছে। কিন্তু টাকা না দেওয়ায় ফারুক ও তাঁর বন্ধুবান্ধব ওই শিক্ষককে কিছু চড়-থাপ্পড় মেরেছেন। এ জন্য তিনি ছোট ভাইকে শাসন করে দিয়েছেন। তবে ঘটনাটি সমঝোতার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।