ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষের টাকাসহ নাটোরের লালপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল বুধবার নিজ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা ও দুদক সূত্রে জানা যায়, উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী কহিনুর বেগমের ছেলে চপল হোসেন তাঁর মায়ের পেনশনের টাকা উত্তোলন করতে সম্প্রতি হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান। তখন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মদ ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। চপল হোসেন বিষয়টি রাজশাহী দুদক কার্যালয়ের কর্মকর্তাদের জানান। দুদকের পরামর্শে তিনি চিহ্নিত ২৫টি এক হাজার টাকার নোট নিয়ে গতকাল বিকেলে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান। মোমিন আহম্মদকে ওই টাকা দেওয়া মাত্রই ছদ্মবেশে থাকা দুদক কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরে তাঁকে লালপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে দুদক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম বাদী হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুদক কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। হিসাবরক্ষণ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।