ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার মৎস্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরে ঘুষের টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদক জানায়, পার্বতীপুর উপজেলায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক কোটি টাকা ব্যয়ে পাঁচটি পুকুরের খননকাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪০ লাখ টাকা ব্যয়ে মন্মথপুর ইউনিয়নের খুনিয়া পুকুর ও বড় উতাল পুকুরের খননকাজ শেষ করেন একরামুল হক ও দিলীপ চন্দ্র। এ দুজনের ৩০ লাখ টাকার চেক ছাড় করা হলেও অবশিষ্ট ১০ লাখ টাকার চেক ছাড় করা হচ্ছিল না। চেক ছাড় করতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।

পুকুর খননকাজ পরিচালনা কমিটির সদস্য তাজ নগর শেখপাড়া গ্রামের সবুজ ইসলাম ঘুষের টাকা দিতে মৎস্য অফিসে এলে দুদকের জালে ধরা পড়েন ওই কর্মকর্তা।

অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিমকে ঘুষ নেওয়ার সময় ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছে আরও ১ লাখ ৫২ হাজার টাকা পাওয়া গেছে। হট লাইনে অভিযোগ পেয়ে তাঁরা অভিযানটি পরিচালনা করেন।