ঘুষের টাকাসহ প্রকৌশলী গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ঘুষের ৪৮ হাজার টাকাসহ আটক হয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (হিড) সহকারী প্রকৌশলী মাহমুদ আলম (৪৭)। দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল গতকাল বুধবার বিকেলে হিড চুয়াডাঙ্গা কার্যালয়ে অভিযান চালিয়ে ওই প্রকৌশলীকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় দুদকের উপপরিচালক মামলা করেছেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঠিকাদার খাইরুল ইসলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪৩ লাখ টাকার সরকারি কাজ সম্পন্ন করেছেন। ছয়টি কাজের নিরাপত্তা জামানতের টাকা ফেরত চাইলে প্রকৌশলী মাহমুদ আলম ২ লাখ ২০ হাজার টাকা ঘুষ চান। গত ১৫ জুলাই ওই ঠিকাদার বাধ্য হয়ে ঝিনাইদহের ঠিকাদার ইমারত আলীর সামনে তাঁকে এক লাখ টাকা ঘুষ দেন। তবু তিনি জামানতের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেননি। এরপর ৭ আগস্ট আরও ১ লাখ ২০ হাজার টাকা চাইলে খায়রুল গতকাল দেওয়ার কথা বলেন। এর মধ্যেই খাইরুল বিষয়টি দুদককে জানান।