ঘুষের টাকাসহ ফায়ার সার্ভিসের দুই কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের ২৫ হাজার টাকাসহ ফায়ার সার্ভিসের দুই কর্মীকে আটক করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা শহরের একটি হোটেল থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের মাদারীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মজুমদার মোহাম্মদ মাহফুজুর রহমান ও ভোলা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সাজ্জাদুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসন বলেন, কিছুদিন আগে অগ্নিকাণ্ডে শরীয়তপুর শহরের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের মাদারীপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেওয়ার জন্য ওই বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন। এর ভিত্তিতে তিনি গতকাল বৃহস্পতিবার সেখানে যান এবং তাঁকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে হাতেনাতে ওই কর্মীদের টাকাসহ আটক করা হয়। অভিযান পরিচালনা করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার। এ ব্যাপারে গতকাল শরীয়তপুরের পালং মডেল থানায় একটি মামলা করা হয়েছে।