ঘুষের টাকাসহ বন কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার
ঘুষ নেওয়ার সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বড়াইগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও দুদক রাজশাহী কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কালিকাপুর এলাকার সামাজিক বনায়নের ১০ লাখ ৮০ হাজার টাকার গাছ বিক্রি করে উপজেলা বন বিভাগ। বিধি অনুযায়ী এই টাকার ৫৫ শতাংশ পাওয়ার কথা স্থানীয় উপকারভোগী ব্যক্তিদের। কিন্তু নাবিউল ইসলাম এই টাকা পরিশোধের জন্য ঘুষ দাবি করেন। উপকারভোগী ব্যক্তিরা ঘুষ না দেওয়ায় তিনি তাঁদের ঘোরাতে থাকেন। অবশেষে তাঁরা দুর্নীতি দমন কমিশনের রাজশাহী কার্যালয়ে বিষয়টি জানান।
দুদক কর্মকর্তারা গতকাল এক উপকারভোগী ব্যক্তিকে ওই কর্মকর্তার কার্যালয়ে ঘুষ দেওয়ার জন্য ১০ হাজার টাকা দিয়ে পাঠান। এই টাকা বন কর্মকর্তা নেওয়ার সঙ্গে সঙ্গে আশপাশে থাকা দুদক কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম বাদী হয়ে বন কর্মকর্তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। নাবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ শাহরিয়ার।