ঘুষের টাকাসহ ভূমি কার্যালয়ের কর্মচারী গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার ঘুষের টাকাসহ ভূমি কার্যালয়ের অফিস সহকারী মো. রুহুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রুহুল আমিনের বাড়ি উপজেলার কলসপাড়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে।
থানা-পুলিশ ও দুদক সূত্রে জানা যায়, জমির নাম খারিজ করার জন্য রামচন্দকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের দিলুনী চিরাংয়ের (৫০) কাছ থেকে রুহুল আমিন ২০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি দিলুনী দুদকের কর্মকর্তাদের জানান। গতকাল বেলা একটার দিকে দিলুনী চিরাং ভূমি কার্যালয়ে যান এবং তাঁকে ২০ হাজার টাকা দেন। এ সময় দুদকের বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল রুহুল আমিনকে ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় বিকেলে দুদকের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ বাদী হয়ে থানায় মামলা করেন।
নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমান বলেন, রুহুল আমিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।